খুলনা, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্বৃত্তের বোমা হামলায় শুক্রবার রাতে খুলনার ফুলতলা উপজেলার আলকা গ্রামে এক চিংড়ি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
নিহত আজাদ গাজী (৩৬) ওই গ্রামের সোহরাব আলীর ছেলে। তিনি জেলা চিংিড়ি চাষী সমিতির সহ-সভাপতি।
এলাকাবাসী ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে ফুলতলা থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, আজাদ গাজী ফুলতলা বাজারের নিজের ব্যবসা প্রতিষ্ঠান 'গাজী ফিশ ও হ্যাচারি' থেকে ফিরছিলেন। রাত সাড়ে ৯টার দিকে বাড়ি ঢোকার সময় তাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয়। বোমার আঘাতে ক্ষতবিক্ষত হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
পরে পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
চাঁদার দাবি পূরণ না করায় সন্ত্রাসীরা এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করছেন পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০৪ ঘ.
bdnews24