ঢাকা, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-আমেরিকায় অস্টিন কলেজ পোজি লিডারশিপ অ্যাওয়ার্ড-২০১০ গ্রহণ করেছেন মুহম্মদ ইউনূস।
টেক্সাসের দৈনিক নর্থ টেক্সাস ই-নিউজ জানায়, টেক্সাসের রিচার্ডসন শহরের আইজমান সেন্টারে বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায় (বাংলাদেশ সময় শুক্রবার সকাল সাড়ে ৭টা) তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
চলতি মাসের তিন তারিখ টেক্সাসের অস্টিন কলেজ তাকে এ পুরস্কার দেওয়ার ঘোষণা দেয়।
শেরম্যানে কলেজ ক্যাম্পাসে সমাবর্তনে বক্তব্য দেবেন ইউনূস।
কলেজের সভাপতি মারজোরি হাস বলেন, "বিশ্বের মহান নেতাদের একজনের বক্তব্য সরাসরি শোনার সুযোগ পেয়ে অস্টিন কলেজ ভাগ্যবান।"
কলেজের কিছু শিক্ষার্থী বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে শিক্ষানবিশি করেছে বলে জানান মারজোরি।
১৮৪৯ সালে টেক্সাসের শেরম্যানে প্রতিষ্ঠিত হয় অস্টিন কলেজ। এটি টেক্সাসের সবচেয়ে পুরনো শিক্ষা প্রতিষ্ঠান।
গত বছর অস্টিন কলেজ পোজি লিডারশিপ অ্যাওয়ার্ড দেওয়া হয় গ্রেগ মর্টেনসেনকে। ২০০৮ সালে পুরস্কারটি পান হার্লেম চিলড্রেন্স জোনের প্রধান নির্বাহী জিওফ্রে কানাডা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিডি/২১৩৮ ঘ.
bdnews24