জামালপুর, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরের বকশিগঞ্জ থেকে শুক্রবার সন্ধ্যায় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন- বকশিগঞ্জ উপজেলার আলীর পাড়ার হাফিজুর রহমান, ইসলামপুর উপজেলার ডিক্রিরচরের আলতু মিয়া এবং শেরপুর জেলার কালিবাড়ি এলাকার ধনেশ্বর রবিদাস।
তাদের কাছ থেকে একটি পাইপগান, এক বোতল বিদেশি মদ ও আধা কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বকশিগঞ্জ থানার ওসি নাসির উদ্দিন আহম্মদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা ৬টার দিকে বকশিগঞ্জ-সানন্দবাড়ি সড়কের নয়াপাড়ায় একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে অস্ত্র ও মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় চালক পালিয়ে গেলেও পুলিশ অটোরিকশটি আটক করেছে। আটক তিনজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৫০ ঘ.
bdnews24