চট্টগ্রাম, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীতাকুণ্ড উপজেলার কদমরসূল এলাকায় শুক্রবার ভোররাতে আগুন লেগে ২৬টি বসতঘর ও দোকান পুড়ে গেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে তাদের প্রায় ৩৫ লাখ টাকার সমপরিমাণ মালামাল পুড়ে গেছে।
ভোররাত ৪টার দিকে কদমরসূল এলাকার মাদ্রাসা মার্কেটের একটি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কর্মী আবদুল মান্নান কুতুবী।
তিনি বলেন, "আগুন দ্রুত পাশের দোকান ও বসতঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল বাহিনীর দুটি গাড়ি ভোর ৫টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে।"
এতে ১৩টি বসতঘর ও বিভিন্ন পণ্যের ১৩টি দোকান পুড়ে যায় বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/১৯৩৭ ঘ.
bdnews24