২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে সংঘর্ষে আহত ১৫

তুচ্ছ ঘটনা নিয়ে শরীয়তপুর পৌর এলাকার বাঘিয়া গ্রামে শুক্রবার সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2010, 01:08 PM

Updated : 24 Aug 2022, 07:06 PM

শরীয়তপুর, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তুচ্ছ ঘটনা নিয়ে শরীয়তপুর পৌর এলাকার বাঘিয়া গ্রামে শুক্রবার সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নুরুল ইসলাম চৌকিদার (৪০), চন্দনা বেগম (২৬), ইমন (০৩), মিন্টু চৌকিদার (১৪), মাজেদা বেগম (৩০), শামিম শেখ (১৫), সেলিম শেখ (১৭), মামুন ছৈয়াল (২০) ও সিরাজ সরদারকে (৩৫) শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের নাম জানা যায়নি। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলে স্থানীয়রা জানান। বাঘিয়া গ্রামের সিঙ্গাপুর প্রবাসী নুরুল ইসলাম চৌকিদার ও চন্দনা বেগম নামের এক গৃহিনী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার বিকালে গ্রামের শামীম, সজীব ও জুয়েল নামের তিন বন্ধু শরীয়তপুর দমকল কার্যালয়ের কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে ছবি তুলছিল। ওই সময় পাশের নড়িয়া উপজেলার গাগরিজোড়া গ্রামের জালাল ও সাদ্দাম সে পথ দিয়ে যেতে যেতে তাদের উদ্দেশ্যে কটূক্তি করলে দু'পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এর জের ধরে শুক্রবার সকাল ৭টায় কোটাপাড়া বাজারে গেলে কয়েকজন লোক তাকে (নুরুল ইসলাম) মারধর করে। এ খবর ছড়িয়ে পড়লে বাঘিয়া গ্রামের লোকজনের সঙ্গে গাগরিজোড়া ও পশ্চিম কোটাপাড়া গ্রামের লোকজনের সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয়পক্ষ ঢাল-সড়কি, রামদা, চাপাতি, হকিস্টিক ব্যবহার করে। এক পর্যায়ে নুরুল ইসলামের লোকজন পিছু হটলে প্রতিপক্ষের লোকজন তাদের দু'টি বাড়িতে ভাংচুর ও লুটপাট চালায়। পালং থানার ওসি মো. রবিউল আলম বলেন, "মারামারির ঘটনায় ১৫ জনকে আসামি কলে নুরুল ইসলাম বাদি হয়ে থানায় মামলা করেছেন। এখনো কেউ গ্রেপ্তার হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/ডিডি/এমএসবি/১৯০৬ ঘ.