ঢাকা, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে অধিকাংশ পদে সরকার সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ জয়ী হলেও সভাপতি পদে জিতেছেন বিরোধী দল সমর্থিত সানাউল্লাহ মিয়া।
দুদিনব্যাপী নির্বাচনের পর বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষ হয়। নির্বাচন কমিশনের সদস্য আশরাফ উল আলম শুক্রবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২৫টি পদের মধ্যে সভাপতিসহ আটটি পদে জিতেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সমন্বয় পরিষদ জিতেছে সাধারণ সম্পাদকসহ ১৭টি পদে।
বিএনপির কেন্দ্রীয় কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সানাউল্লাহ মিয়া ২ হাজার ৮৫৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত মো. হাবিবুর রহমান পান ২ হাজার ৪৪৬ ভোট।
সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থিত কাজী নজিবউল্লাহ হিরু ২ হাজার ৯৭৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। ওই পদে ফোরামের মো. আনোয়ার জাহিদ ভূঁইয়া পেয়েছেন ২ হাজার ৩০৮ ভোট। হিরু যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক।
সাংস্কৃতিক ও দপ্তর সম্পাদক এবং কার্যকরী পরিষদের ৫টি পদে ফোরামের প্রার্থীরা জয়ী হয়েছেন।
অন্যদিকে দুটি সহসভাপতি, কোষাধ্যক্ষ, দুইটি সহ সাধারণ সম্পাদক, গ্রন্থাগার সম্পাদক এবং কার্যকরি পরিষদের ১০টি সদস্য পদে জিতেছেন সমন্বয় পরিষদের প্রার্থীরা।
১৮৮৯ সালে প্রতিষ্ঠিত ঢাকা আইনজীবী সমিতির এবারের নির্বাচনে ১০ হাজার ৮৭ জন ভোটারের মধ্যে ৫ হাজার ৪১৩ জন ভোট দেন বলে নির্বাচন কমিশনার এনায়েত হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৫১৫ ঘ.
bdnews24