মাগুরা, ফেব্রয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাকে খুনের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে মাগুরার একটি আদালত।
একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নাজির আহম্মেদ এ রায় দেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
সাজাপ্রাপ্ত এই ব্যক্তি হলেন- সদর উপজেলার কুকনা গ্রামের মফিজুর রহমান।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৪ সালের ১৯ সেপ্টেম্বর বিকালে পারিবারিক কলহের জের ধরে মুগুর দিয়ে এলাচি বেগমের মাথায় আঘাত করেন তার ছেলে মফিজ। পরদিন সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এলাচি বেগম মারা যান।
এ ঘটনায় একটি হত্যা মামলা দাযের করা হয়। পরে পুলিশ মফিজকে গ্রেপ্তার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি /এলএন/এমএসবি/১৮৫৯ ঘ.
bdnews24