মেহেরপুর, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেহেরপুরের গাংনী উপজেলার দুই গ্রাম থেকে বৃহস্পতিবার দুটি বোমা উদ্ধার করেছে পুলিশ।
পুলিশের ভাষ্য, বোমা দুটি চরমপন্থীরা রেখে গিয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৯টার দিকে ছাতিয়ান ও ধানখোলা গ্রাম থেকে এগুলো উদ্ধার করা হয়।
বড় জর্দার কোটা দিয়ে তৈরি বোমা দুটি লাল টেপ দিয়ে মোড়ানো এবং শক্তিশালী বলে জানিয়েছেন গাংনী থানার ওসি সগীর মিয়া।
তিনি জানান, ছাতিয়ান গ্রামের এনামুলের তামাক ক্ষেত এবং ধানখোলা গ্রামের বরজেল হোসেনের বাঁশ ঝাড়ে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বোমাগুলি উদ্ধার করা হয়।
পুলিশ পানি ভর্তি বালতির মধ্যে ডুবিয়ে রেখে বোমাগুলি নিষ্ক্রিয় করেছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৩৬ ঘ.
bdnews24