২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে আবারো কারফিউ

খাগড়াছড়ি শহর ও আশপাশের এলাকায় বুধবার রাত ১০টা থেকে পরদিন সকাল ৭টা পর্যন্ত আবার কারফিউ জারি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2010, 03:49 PM

Updated : 24 Aug 2022, 07:02 PM

খাগড়াছড়ি, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ি শহর ও আশপাশের এলাকায় বুধবার রাত ১০টা থেকে পরদিন সকাল ৭টা পর্যন্ত আবার কারফিউ জারি করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে আইনশৃংখলা রক্ষার স্বার্থে আবার এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ। এর আগে মঙ্গলবার রাত ৯টা থেকে বুধবার সকাল ৭টা পর্যন্ত একই এলাকায় কারফিউ ছিল। এ ছাড়া মঙ্গলবার বিকেল থেকে ১৪৪ ধারা অব্যাহত ছিল। র‌্যাব, পুলিশ, আর্মড পুলিশ, সেনাবাহিনী ও বিডিআর টহলও চলছে। এদিকে বুধবার রাত ৯টার দিকে শহরের রাজ্যমণি পাড়ায় একটি বাড়িতে একদল মানুষ আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থলে উপস্থিত আমাদের সংবাদদাতা জানান, চম্পা রানী ত্রিপুরা নামের এক পাহাড়ির ঘরে আগুন দিলে কিছুক্ষণের মধ্যে ঘরটি পুড়ে যায়। এরপর খাগড়াছড়ি দমকলের দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল থেকে কারফিউ শিথিল থাকলেও সারাদিন শহরে মানুষ ও যানবাহনের তেমন চলাচল ছিল না। দূর পাল্লার কোনো যানবাহন চলাচল করেনি। দোকানপাট বন্ধ ছিল। অফিস আদালতে লোকজনের উপস্থিতি ছিল খুব কম। তবে এসএসসি পরীক্ষার্থীদের দল বেঁধে পরীক্ষা দিতে যেতে দেখা গেছে। মঙ্গলবারের ঘটনায় ওইদিন রাতে ৭৩ জনকে সন্দেহজনভাবে আটক করা হয়। ঘটনার সময় আহত ২২ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ইউপিডিএফ'র অবরোধের সময় সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসেন বুধবার দুপুরে। তিনি আগুনে ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ি সদরের শান্তিনিকেতন ও হাইস্কুল আবাসিক এলাকা পরিদর্শন শেষে হাসপাতালে যান আহতদের দেখতে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে খাগড়াছড়ি সার্কিট হাউজে প্রেস ব্রিফিং করেন। এ সময় তিনি পাহাড়ি বাঙালি সবাইকে শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানান। এ ঘটনায় দেষীদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে বলেও জানান তিনি। এর আগে সকালে যান রাঙামাটির বাঘাইহাটের সাজেক ইউনিয়ন ও গংগরাম মুখ এলাকায়। এ সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্ক র্ফোসের চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা, স্বরাষ্ট্র সচিব মো. আব্দুর সোবহান সিকদার বিডিআর উপ-মহাপরিচালক মো. ওবায়েদ, সেনাবাহিনীর খাগড়াছড়ি আঞ্চলিক কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মো. সালেহীন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এমএএন সিদ্দিক, পুলিশের চট্টগ্রাম অঞ্চলের উপ-মহাপরিদর্শক মো. আসাদ, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান রুইথি কার্বারী ও নিখিল কুমার চাকমা, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ ও সৌরেন্দ্র নাথ চক্রবর্তী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২৫ ঘ.