চট্টগ্রাম, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে পুলিশের সঙ্গে 'হেফাজতে ইসলামী'র কর্মীদের সংঘর্ষে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছে। আটক করা হয়েছে ৩০ জনকে।
লালদীঘি ময়দানে সমাবেশে আসার পথে বুধবার দুপুরে শহরের প্রবেশ মুখ বালুচরা এলাকায় হেফাজতে ইসলামীর কর্মীদের সঙ্গে পুলিশের সংঘাত বাঁধে বলে স্থানীয়রা জানায়।
বায়েজীদ থানার ওসি আবদুস সবুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মিছিল নিয়ে শহরে না ঢুকতে অনুরোধ করা না হলেও হেফাজতে ইসলামীর কর্মীরা তা শোনেনি। উল্টো মিছিল থেকে পুলিশকে লক্ষ করে কয়েকটি ককটেল নিক্ষেপ করা হয়। তারা লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপরও চড়াও হয়।"
এরপর তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস এবং রবার বুলেট ছোড়ে বলে ওসি জানান।
'৭২ এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশে ইসলাম 'ধ্বংস' করা হবে দাবি করে কয়েকটি ইসলামী সংগঠন যৌথভাবে হেফাজতে ইসলামী নামে এক সংগঠনটি প্রতিষ্ঠা করেছে।
তারা বুধবার লালদীঘিতে সমাবেশের কর্মসূচি ঘোষণা দিলেও অনুমতি নেওয়া হয়নি জানিয়ে পুলিশ তা করতে দেয়নি। সমাবেশ মঞ্চও পুলিশ সকালে সরিয়ে দেয়।
ওসি জানান, বালুচরায় সংঘর্ষে আহতদের মধ্যে ছয়জন পুলিশ সদস্য।
আহত অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ঘটনাস্থল থেকে হেফাজতে ইসলামীর ৩০ কর্মীকে আটক করা হয়েছে বলে ওসি জানান।
তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে ইসলামী হেফাজত দাবি করেছে, সমাবেশের অনুমতি তারা নিয়েছেন। তবে তা পুলিশের কাছ থেকে নয়।
হেফাজতে ইসলামী বাংলাদেশের দপ্তর সম্পাদক ও হাটহাজারী মইনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক মোহাম্মদ শফি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা আগেই মাঠ সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে সমাবেশের অনুমতি নিয়েছি। কিন্তু মঙ্গলবার গভীর রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার কথা বলে পুলিশ সমাবেশ করতে নিষেধ করে এবং মঞ্চ ভেঙ্গে দেয়।"
বালুচরা এলাকায় পুলিশ বিনা উস্কানিতে তাদের কর্মীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।
চট্টগ্রাম মহানগর পুুলিশের উপ-কমিশনার (উত্তর) বনজ কুমার মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অনুমতি না থাকায় আমরা সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করি এবং সংশ্লিষ্ট ডেকোরেটার্স মালিককে দিয়ে মঞ্চ খোলানো হয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৬৪৫ ঘ.
bdnews24