২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাইকোর্টে গিয়েও বিফল মইন

ইকবাল হাসান মাহমুদ টুকুর মামলা থেকে অব্যাহতি পেতে সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদ হাইকোর্টে গিয়েও বিফল হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2010, 08:38 AM

Updated : 24 Aug 2022, 07:03 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইকবাল হাসান মাহমুদ টুকুর মামলা থেকে অব্যাহতি পেতে সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদ হাইকোর্টে গিয়েও বিফল হয়েছেন। ওই মামলার আরজি খারিজের আবেদন এর আগে নাকচ করেছিলো ঢাকার জজ আদালত। তার বিরুদ্ধে মইন হাইকোর্টে একটি রিভিশন আবেদন করেন। বিচারপতি আব্দুল আউয়াল ও বিচারপতি মো. মোয়াজ্জেম হোসেনের বেঞ্চ বুধবার সে আবেদনও নাকচ করে। তবে মইনের কৌঁসুলি কামরুল হক সিদ্দিকী সাংবাদিকদের বলেন, তারা হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবেন। ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সাবেক প্রতিমন্ত্রী টুকু গত বছরের ১২ জুলাই মইনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বিএনপি-জামায়াত জোট সরকারের বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান ২০০৮ সালের পত্র-পত্রিকায় প্রকাশিত মইন উ আহমেদের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে অভিযোগ করেন, সাবেক সেনাপ্রধান বলেছিলেন, চারদলীয় জোট সরকারের আমলে বিদ্যুত খাতে ২০ হাজার কোটি টাকা লুটপাট ও বিদেশে পাচার হয়েছে। ওই বক্তব্য 'মিথ্যা' দাবি করে ইকবাল হাসান মামলায় বলেন, এদের তার মানহানি হয়েছে। এ জন্য তিনি ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চাচ্ছেন। গত বছরের ১৫ জুন অবসরে যাওয়ার পর মইন উ আহমেদ যুক্তরাষ্ট্রে যাওয়ার পরপরই এ মামলা হয়। ২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারির পর গঠিত ফখরুদ্দীন আহমদ নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের পেছনে সেনাবাহিনী তথা মইন উ আহমেদের একটি জোরালো নেপথ্য ভূমিকা ছিলো বলে ব্যাপকভাবে মনে করা হয়। তত্ত্বাবধায়ক সরকারকে সমর্থন দেওয়ার কথা মইন নিজেও স্বীকার করেন। জরুরি অবস্থার মধ্যে অন্য অনেক রাজনীতিবিদের মতো ইকবাল হাসানও গ্রেপ্তার হয়ে অন্তরীণ হন। কারাগারে যেতে হয় তার স্ত্রী রুমানা মাহমুদ এবং তাদের দুই সন্তানকেও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৩২ ঘ.