নাটোর, ফেব্রুয়ারি ২৩(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চায়ের দাম কম দেওয়ার জের ধরে মঙ্গলবার দুপুরে নাটরের বড়গাছা মহল্লায় তিন ঠিকাদারকে কুপিয়ে একজনের হাতের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার দুপুরে এ ঘটনায় আহত তিন ঠিকাদার হলেন- ইশতিয়াক আহমেদ, তার ভাই সারোয়ার মোর্শেদ মুক্তা ও ফিরোজ আক্তার কাঞ্চন।
আহতদের মধ্যে সারোয়ার মোর্শেদের অবস্থা সংকটজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুজনকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার বিকেলে বড়গাছা মহল্লার ঠিকাদার ইশতিয়াক আহমেদের সঙ্গে স্থানীয় এক চা দোকানির চা এর দাম কম দেওয়া নিয়ে বাগবিতণ্ডা হয়।
মঙ্গলবার দুপুরে ওই ঠিকাদার একই দোকানের সামনে মোটরসাইকেল নিয়ে দাঁড়ালে দোকানি কয়েকজন দুর্বৃত্তরা সন্ত্রাসীদের নিয়ে তার ওপর খুর নিয়ে হামলা চালায়।
এ সময় ইশতিয়াক আহমেদেকে উদ্ধার করতে তার ভাই সারোয়ার মোর্শেদ ও ফিরোজ আক্তার কাঞ্চন এগিয়ে আসলে দুর্বৃত্তরা তাদের ওপরেও হামলা চালায়।
এ সময় খুরের আঘাতে সারোয়ার মোর্শেদের বাম হাতের রগ কেটে যায়।
সন্ত্রাসীরা এ সময় তাদের একটি মোটরসাইকেল ভাংচুর করে। পরে স্থানীয় লোকজন আহত তিন ঠিকাদারকে হাসপাতালে নিয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এএমএসবি/২১২২ ঘ.
bdnews24