২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'স্থানীয় নির্বাচনে টাকার খেলা কমাতে চাই'

নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনে টাকার খেলা, পেশী ও রাজনৈতিক শক্তির মহড়া কমাতে চায় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2010, 11:33 AM

Updated : 24 Aug 2022, 07:01 PM

বাগেরহাট, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনে টাকার খেলা, পেশী ও রাজনৈতিক শক্তির মহড়া কমাতে চায় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, "এ জন্য ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণ বিধিমালায় কিছু পরিবর্তন আনার প্রস্তাব রাখা হয়েছে।" মঙ্গলবার সকালে বাগেরহাট সদর উপজেলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার এ কথা বলেন। তিনি বলেন, ইউপি নির্বাচনের আচরণ বিধিমালায় পরিবর্তন আনার জন্য যেসব প্রস্তাব করা হয়েছে সেগুলো হল- প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের হিসাব প্রদান, পোস্টার ছাপানো, দেয়াল লিখন এবং আনুষ্ঠানিক সভা ও মিছিল বন্ধ করা প্রভৃতি। এসব প্রস্তাব বিধিমালায় সংযুক্ত হলে নির্বাচনে অনেক স্বচ্ছতা ও জবাবদিহিতা আসবে বলে মনে করেন নির্বাচন কমিশনার। তিনি বলেন, "ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজনৈতিক প্রভাব বিস্তারের কোন অভিযোগ পাওয়া গেলে সেই এলাকার নির্বাচন বন্ধ রেখে তদন্ত হবে। অভিযোগের সত্যতা পেলে প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।" সাখাওয়াত বলেন, নির্বাচন কমিশন দেশের নির্বাচন প্রক্রিয়াকে সুন্দর ও গ্রহণযোগ্য করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের চিন্তা ভাবনা করা হচ্ছে। এর ফলে ব্যালট পেপার ও ব্যালট বাক্সের প্রয়োজন ফুরাবে এবং ভোট কাটা ও কেন্দ্র দখল করা বন্ধ হবে বলে তিনি জানান। বিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে কোন ছাড় দেওয়া হচ্ছে না জানিয়ে তিনি বলেন, গত সংসদ নির্বাচনে অংশ নেওয়া দেড় হাজার প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী ব্যয়ের হিসাব দাখিল না করায় মামলা হয়েছে। সংসদ সদস্য ও মন্ত্রীদের বিরুদ্ধেও মামলা হয়েছে এবং হচ্ছে। বাগেরহাট সদর উপজেলার শ্রীঘাট গ্রামের লুটন ব্রিটিশ বাংলাদেশি হেল্পিং হ্যাণ্ড উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন- উপ নির্বাচন কমিশনার বিভোর কুমার বিশ্বাস, বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মোখলেছুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মুজিবর রহমান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭২৯ ঘ.