২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজ্ঞাপনশিল্পী তিন্নি হত্যার বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে

হত্যাকাণ্ডের প্রায় আট বছর পর শুরু হতে যাচ্ছে বিজ্ঞাপনশিল্পী সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি হত্যামামলার বিচার প্রক্রিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2010, 03:32 PM

Updated : 24 Aug 2022, 06:59 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যাকাণ্ডের প্রায় আট বছর পর শুরু হতে যাচ্ছে বিজ্ঞাপনশিল্পী সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি হত্যামামলার বিচার প্রক্রিয়া। মামলার একমাত্র আসামি সাবেক ছাত্রদল নেতা ও জাতীয় পার্টির সাংসদ গোলাম ফারুক অভিকে সোমবার ঢাকার জেলা ও দায়রা জজ কৃষ্ণা দেবনাথ আগামি ১৪ মার্চ আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। একইদিন মামলা আমলে নেওয়ার শুনানির জন্য দিনও ধার্য করেছেন তিনি। আদালতের সেরেস্তাদার কমল কুমার পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কমকে জানান, এরপর অভিযোগ গঠন ও বিচারের জন্য এ বিচারক অপর একটি অতিরিক্ত জেলা জজ আদালতে মামলার নথিপত্র পাঠিয়ে দেবেন। ২০০২ সালের নভেম্বর মাসে তিন্নিকে খুনের পর লাশ বুড়িগঙ্গা নদীর চীন-মৈত্রী সেতুর নিচে ফেলে রাখা হয়। মামলায় বলা হয়েছে, সাবেক ছাত্রনেতা অভি অনৈতিক সম্পর্ক চাপা দিতে গিয়ে তিন্নিকে খুন করেন। ২০০৮ সালে দাখিল করা অভিযোগপত্রে বলা হয়, অভি এখন কানাডায়। '৯২ সালে রমনা থানায় দায়ের করা একটি অস্ত্র মামলায় ১৭ বছর সশ্রম কারাদণ্ডের রায়ের পর হাইকোর্ট থেকে জামিন নিয়ে তিনি দেশ থেকে পালিয়ে যান। ২০০৭ সালের ২৬ ফেব্র"য়ারি তার বিরুদ্ধে এ মামলার ঘটনায় রেড অ্যালার্ট নোটিশ জারি করা হয়। ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে আনার চেষ্টা করাও হয়। ছাত্রদল নেতা অভি ১৯৯৬ সালের সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে অংশ নিয়ে সাংসদও নির্বাচিত হন। ২০০২ সালের ১১ নভেম্বর কেরানীগঞ্জ থানা পুলিশ তিন্নি হত্যার ঘটনায় অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে হত্যা মামলাটি দায়ের করে। ছয় তদন্ত কর্মকর্তার হাত ঘুরে শুধু গোলাম ফারুক অভিকে আসামি করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তৎকালীন সহকারী কমিশনার মোজাম্মেল হক ২০০৮ সালের ৮ নভেম্বর অভিযোগপত্র দাখিল করেন। অভির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর বরিশালের উজিরপুর থানার ধামুরা গ্রামের বাড়িতে এবং তার ঢাকার ঠিকানায় ওই পরোয়ানা পাঠানো হয়। কিন্তু ওই ঠিকানায় তাকে পাওয়া না গেলে তা ফেরত আসে। কেরানীগঞ্জ থানার সে সময়কার উপপরিদর্শক মো. শফিউদ্দিন মামলা করার পর তিন্নির স্বামী শাফাকাত হোসেন পিয়াল, এবায়দুল্লাহ ওরফে স্বপন গাজী, গাজী শরিফউল্লাহ তপন, শফিকুল ইসলাম জুয়েল ও সোমনাথ সাহা বাপ্পীকে গ্রেপ্তার করা হয়। কিন্তু তিন্নি হত্যায় তাদের কারোর সম্পৃক্ততা না পাওয়ায় তাদের প্রত্যেককেই অভিযোগপত্র থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। অবশ্য তাদের স্বীকারোক্তিতে উঠে আসে হত্যাকাণ্ডে অভির সম্পৃক্ততা। এ হত্যার ব্যাপারে তিন্নির দুই গৃহপরিচারিকার জবানবন্দি নেওয়া হয় ১৬৪ ধারায়। ২০০৪ সালের ২৯ জুন থেকে ২০০৮ সালের ৩ জুন পর্যন্ত মামলাটির তদন্ত করা হয়। আভিযোগপত্রে আরো বলা হয়, অভি ওই হত্যাকাণ্ডের আগে স্বামী পিয়ালের সঙ্গে তিন্নির দাম্পত্য সম্পর্কের অবসান ঘটিয়ে তাকে ফাঁদে ফেলে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন। কিন্তু সামাজিকভাবে প্রতিষ্ঠিত অভি তাকে কখনোই স্ত্রীর মর্যাদা দেননি। বরং বিয়ের জন্য তিন্নি অভিকে চাপ দিলে পূর্বপরিকল্পিতভাবে ওইদিন তাকে খুন করে গড়িতে করে লাশ চীন-মৈত্রী সেতুর নিচে ফেলে রাখেন। মামলায় রাষ্ট্রপক্ষে ৪১ জনকে সাক্ষী করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এজে/জিএনএ/২১২৮ ঘ.