২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাপসকে হুমকি দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

আওয়ামী লীগের সংসদ সদস্য ফজলে নুর তাপসকে মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2010, 01:20 PM

Updated : 24 Aug 2022, 06:59 PM

চট্টগ্রাম, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সংসদ সদস্য ফজলে নুর তাপসকে মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। চট্টহ্রাম নগরীর খুলশী এলাকা থেকে সোহেল রানা (২৭) নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-৭ এর স্টাফ অফিসার সাজ্জাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। সোমবার ভোররাতে খুলশীর একটি আবাসিক ভবন থেকে গ্রেপ্তার রানার বাড়ি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার রসূলপুরে। তার কাছ থেকে চারটি মোবাইল ফোনসেট ও সাতটি সিম জব্দ করা হয়েছে বলে র‌্যাব জানায়। সাজ্জাদ বলেন, "ফজলে নূর তাপসকে বিভিন্ন সময়ে মোবাইল ফোন নম্বর থেকে হত্যার হুমকি দেওয়া হচ্ছিলো। র‌্যাব দীর্ঘদিন অনুসন্ধান চালিয়ে খুলশী এলাকায় হমকিদাতার স্থান চিহ্নিত করে।" তিনি জানান, জিজ্ঞাসাবাদে সোহেল মোবাইল ফোনে হুমকি দেওয়ার কথা স্বীকার করেছে। চার মাস আগে ঢাকায় বোমা হামলা থেকে বেঁচে যান প্রধানমন্ত্রীর ভাইপো তাপস। তাকে লক্ষ্য করেই ওই হামলা চালানো হয়েছিলো বলে পুলিশ জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৯১৫ ঘ.