২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড়ে সেনা অবস্থান জরুরি: বিএনপি

পাহাড়ে সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে সেখানে সেনা অবস্থান রাখার দাবি আবার জানিয়েছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2010, 09:24 AM

Updated : 24 Aug 2022, 06:58 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাহাড়ে সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে সেখানে সেনা অবস্থান রাখার দাবি আবার জানিয়েছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার বলেছেন, পার্বত্যাঞ্চলে সেনা প্রত্যাহারের কারণেই এ ধরনের ঘটনা ঘটেছে। ভূমি বিরোধ নিয়ে পাহাড়ি-বাঙালি সংঘাতে শুক্র ও শনিবার রাঙামাটির বাঘাইছড়িতে অর্ধশতাধিক ঘর পোড়ানো হয়। ওই সময় সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পাহাড়িদের লক্ষ করে গুলি চালায় বলে পাহাড়িদের অভিযোগ। সেখানে এ পর্যন্ত দুজনের লাশ পাওয়া গেছে। নিহতের সংখ্যা ৬ বলে দাবি করছে পাহাড়িরা। ফখরুল সাংবাদিকদের বলেন, "পাবর্ত্য চট্টগ্রাম থেকে সেনা প্রত্যাহার সঠিক সিদ্ধান্ত ছিলো না। বিএনপি এতে আপত্তি জানিয়েছিলো। আমরা সে সময়ে আশঙ্কা প্রকাশ করেছিলাম, সেনা প্রত্যাহার করা হলে সেখানে চরম বিপর্যয়কর পরিস্থিতি হতে পারে।" পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে গত বছরের মাঝামাঝি থেকে তিনটি পদাতিক ব্যাটালিয়নসহ একটি সম্পূর্ণ ব্রিগেড প্রত্যাহার শুরু করে সরকার। বিএনপি নেতা বলেন, "বাঘাইছড়িতে সংষর্ষের ঘটনা উদ্বেগজনক। আমরা আগে থেকেই বলে আসছি, পার্বত্য চট্টগ্রাম একটি স্পর্শকাতর এলাকা। সব মহলের সঙ্গে আলোচনা না করে সেখানকার সমস্যা সমাধানের আগে সেনা প্রত্যাহার করা উচিত হবে না। সেনা প্রত্যাহারের পর এ রকম ঘটনা ওই এলাকায় বাঙালি ও পাহাড়িদের জানমালের নিরাপত্তা অরক্ষিত হয়ে পড়েছে।" পার্বত্যাঞ্চলে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পগুলো প্রত্যাহারের আওতায় পড়ছে জানিয়ে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) ইতিপূর্বে বলেছিলেন, সেনা প্রত্যাহারের বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। কিছু অস্থায়ী ক্যাম্প সরিয়ে নেওয়া হলেও পার্বত্য জেলাগুলোতে অপারেশন উত্তরণের নামে সেনা কর্তৃত্ব বলবত আছেই। পার্বত্যাঞ্চলে অস্থিরতার জন্য সেনা উপস্থিতিকেই দায়ী করে আসছেন এক সময়ের গেরিলা নেতা সন্তু। শনিবারের হত্যাকাণ্ডের জন্য আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এশিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস (এসিএইচআর) সেনাবাহিনীকে দায়ী করে এ বিষয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের হস্তক্ষেপ চেয়েছে। পাকিস্তান ও বাংলাদেশ আমলে বিভিন্ন পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের পুনর্বাসন করা হয়, যা নিয়ে পাহাড়িরা আপত্তি জানিয়ে আসছিলো। এক পর্যায়ে শান্তি বাহিনী গঠন করে সশস্ত্র সংগ্রামের পথও বেছে নেয় পাহাড়িরা। সমস্যার সমাধানে বিগত আওয়ামী লীগ সরকার আমলে পার্বত্য শান্তি চুক্তির পর তারা অস্ত্র ত্যাগ করে। তবে বিএনপি শুরু থেকেই পার্বত্য শান্তি চুক্তির বিরোধিতা করে আসছে। ফখরুল বলেন, "পার্বত্য শান্তি চুক্তি সম্পাদনের পরও আমরা বলেছিলাম, ওই চুক্তি সবার সঙ্গে আলোচনা করে পুনর্মূল্যায়ন করতে হবে। নইলে ওই এলাকায় পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সহাবস্থানের ভারসাম্য থাকবে না। চুক্তি নিয়ে পক্ষ-বিপক্ষ রয়েছে। এই বাস্তবতায় আমাদের সব পক্ষকে নিয়ে আলোচনায় বসা উচিত ছিলো, যা সরকার করেনি।" রাজধানীর উত্তরায় নিজের বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ফখরুল শহীদ মিনারে খালেদা জিয়া প্রটোকল না দেওয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, "গণতান্ত্রিক সরকারের গণতান্ত্রিক রীতিনীতি অনুসরণ করা উচিত। এ সরকার বিরোধীদলীয় নেতাকে তার প্রাপ্য সম্মান দেয়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উদ্দেশ্যমূলকভাবে তার প্রতি অশ্রদ্ধা দেখিয়েছেন। এটা নিন্দনীয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫১৫ ঘ.