চাঁদপুর, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের হাজীগঞ্জে রোববার একটি অটো রিকশা ও টেম্পুর মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছে।
চাঁদপুর-কুমিল্লা সড়কের বিলওয়াই এলাকায় সকাল ১১টার দিকে ওই দুর্ঘটনা ঘটে বলে হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদ জানিয়েছেন।
নিহত ব্যক্তি হলেন নিখিল চন্দ্র দাশ (৪৫)। অটো রিকশায় থাকা তার স্ত্রী পুতুল রানী (৪০) ও মেয়ে অনামিকা (১৬) আহত হয়েছেন।
পুলিশ কর্মকর্তা মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গ্রামের বাড়ি কৃষ্ণপুর থেকে মাছ ব্যবসায়ী নিখিল সপরিবারে অটোরিকশায় চড়ে চাঁদপুর ফিরছিলেন। বিলওয়াই এলাকায় তার অটোরিকশার সঙ্গে টেম্পুর সংঘর্ষ হলে নিখিল ঘটনাস্থলেই মারা যান।"
দুর্ঘটনায় টেম্পুর যাত্রী সেলিনা হোসেন (২৩), রঙ্গি বেগম (২২) ও শিলা (১০) নামে তিনজনও আহত হন বলে পুলিশ জানায়।
আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে দুটি গাড়ির চালকরা পলাতক বলে পুলিশ জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪১৫ ঘ.
bdnews24