২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ভারত-বাংলাদেশ সমঝোতা বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ প্রয়োজন'

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরে দুদেশের সমঝোতা হওয়া বিষয়গুলো বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2010, 03:15 PM

Updated : 24 Aug 2022, 06:55 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরে দুদেশের সমঝোতা হওয়া বিষয়গুলো বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। 'ভারত-বাংলাদেশ সম্পর্ক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর' শীর্ষক দুদিনব্যাপী এক কর্মশালার সমাপনী দিন শুক্রবার বক্তারা এ অভিমত দিয়েছেন। এজন্য দু'পক্ষের রাজনীতিক ও আমলাদের মানসিকতা পরিবর্তন প্রয়োজন বলেও মত দেন তারা। বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশন এবং বাংলাদেশ রিসার্চ অ্যান্ড পাবলিকেশন্স লিমিটেড যৌথভাবে কর্মশালা আয়োজন করে। ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ল' অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (বিআইএলআইএ) এ কর্মশালা হয়। এতে ভারতের ইংরেজি দৈনিক দ্য স্টেটসম্যান সম্পাদক মানস ঘোষ, ভারতের ইনস্টিটিউট অব ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিস (আইডিএসএ) এর রিসার্চ ফেলো শ্র"তি এস পাত্তানাইক, বাংলাদেশের বিআইআইএসএস মহাপরিচালক মেজর জেনারেল শেখ মনিরুল ইসলাম, কলকাতার মওলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অব এশিয়ান স্টাডিজ এর নির্বাহী পরিষদের চেয়ারম্যান জয়ন্ত কুমার রায় প্রমুখ অংশ নেন। মানস বলেন, "আমাদের সময় কম। তাই চুক্তিগুলো বাস্তবায়নে উভয়পক্ষের মানসিক অবস্থার পরিবর্তন প্রয়োজন। যে সুযোগ তৈরি হয়েছে তা আমলাতান্ত্রিক জটিলতার কারণে ফেলে রাখা উচিত হবে না।" মনিরুল ইসলাম তার মূল প্রবন্ধে শুল্ক হ্রাসে ভারতের কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলোর মধ্যে সমন্বয় প্রয়োজন বলে উল্লেখ করেন। পাত্তানাইক বলেন, "ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে দেশের প্রেক্ষাপটের পরিবর্তে আওয়ামী লীগ-ভারত সম্পর্ক হিসেবে বিবেচনা করা ঠিক হবে না।" জয়ন্ত সীমান্তচৌকিতে ব্যাপক দুর্নীতিগ্রস্ত কর্মীদের বদলে নতুন লোক নিয়োগের আহ্বান জানান। সীমান্ত-বাণিজ্য, মাদক পাচার ও অভিন্ন সীমান্ত বিতর্ক ইস্যু জরুরিভিত্তিতে ও আন্তরিকতার সঙ্গে সমাধান হওয়া উচিত বলেও কর্মশালায় অভিমত ব্যক্ত করা হয়। বিআইএলআইএ পরিচালক ওয়ালী-উর রহমানের সঞ্চালনায় কর্মশালায় সাবেক পররাষ্ট্র সচিব সৈয়দ মোয়াজ্জেম আলী, দৈনিক আসামের সম্পাদক জ্যোতি প্রসাদ সাইকিয়া প্রমুখও বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিকেএস/এজে/পিডি/২১০৯ ঘ.