২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

চাঁপাইনবাবগঞ্জের এক ছাত্রলীগ নেতা বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদকসহ অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2010, 11:14 AM

Updated : 24 Aug 2022, 06:55 PM

চাঁপাইনবাবগঞ্জ, ফেব্রুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-চাঁপাইনবাবগঞ্জের এক ছাত্রলীগ নেতা বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদকসহ অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছেন। হত্যাচেষ্টা ও হুমকির অভিযোগে ৩৯ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ৫০/৬০ জনের বিরুদ্ধে মামলা করা হয় বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায়। বাদী শহরের শাহীবাগ এলাকার ছাত্রলীগকর্মী বদরুদ্দোজা মারুফ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসানুল হক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ, সাবেক ইউপি চেয়ারম্যান তশিকুল ইসলাম, স্থানীয় বিএনপি নেতা মতিউর রহমান, পৌর কাউন্সিলর আব্দুল বারেক, মো. আনারুল, আবু সাইদ খান সনু, রঞ্জু, তারিফ, ওবাইদুর হকসহ ৩৯ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ৫০/৬০ জন বিএনপিকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়। হারুনুর রশিদ বলেছেন, বিএনপির শান্তিপুর্ন মিছিলে আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা চালিয়ে তারাই হয়রানির জন্য মিথ্যা মামলা করেছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে পুর্ব পরিকল্পনা অনুযায়ী উল্লিখিতরা শহরের গাবতলা মোড়ে ছাত্রলীগের মিছিলে ধারালো অস্ত্র, লাঠি ও বোমা নিয়ে অতর্কিত হামলা করে। এতে রফিক হাসান বাবলু নামে এক পথচারী গুরুতর আহত হন। এ সময় তারা দু'টি বোমা নিক্ষেপ করলে একটি বিস্ফোরিত হয়। অন্যটি অবিষ্ফোরিত অবস্থায় পরে পুলিশ স্থানীয় টাউন ক্লাব থেকে উদ্ধার করে। হামলার পর ফিরে যাওয়ার সময় উল্লেখিতরা বাদীকে প্রাণনাশের হুমকি দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৭০১ ঘ.