ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- থাইল্যান্ডে এক বছরের বেশি সময় আগে আটক ২৮ বাংলাদেশী দেশে ফিরেছে।
বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে বুধবার বিকাল তারা ঢাকা এসে পৌঁছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (বহিঃপ্রচার) সাদিয়া মুনা তাসনীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিকাল সাড়ে ৫টার দিকে ওই ২৮ বাংলাদেশীকে বহনকারী বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। দেশে পৌঁছেই তারা নিজেদের বাড়ির উদ্দেশে রওয়ানা দেয়।"
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাদের বিমানবন্দরে গ্রহণ করেন বলেও জানান তিনি।
মুনা তাসনীম আরো জানান, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আওএম) ওই ২৮ বাংলাদেশীর দেশে ফেরার ক্ষেত্রে সহায়তা দিয়েছে।
থাইল্যান্ডের উপকূলরক্ষী বাহিনী মালয়েশিয়া বা সিঙ্গাপুরগামী একটি নৌকা থেকে ২০০'র বেশি ব্যক্তিকে (যার অধিকাংশই ছিল মিয়ানমারের রোহিঙ্গা মুসলমান) আটক করে। তার মধ্যেই ছিলেন ওই ২৮ জন।
পরে ব্যাংককের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা কথা বলে তাদের পরিচয় নিশ্চিত হন।
২৮ জনের অধিকাংশই চট্টগ্রামের বাসিন্দা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/জিএনএ/২২১০ ঘ.
bdnews24