সিলেট, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রী হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে সিলেটের একটি আদালত।
দণ্ডপ্রাপ্ত নেজামউদ্দিনের (৫০) বাড়ি জকিগঞ্জ উপজেলার অজরগ্রামে। বর্তমানে তিনি কারাবন্দি।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ (তৃতীয় আদালত) মো. বেলায়েতউল্লাহ বুধবার এ রায় দেন।
মামলা সূত্রে জানা যায়, ২০০৪ সালের ২১ মার্চ ভোরে পারিবারিক কলহের জের ধরে নেজামউদ্দিন তার স্ত্রী মোছাম্মৎ কুলসুমা বেগমকে (৩৬) বটি দিয়ে কুপিয়ে হত্যা করে। ঘটনার পর প্রতিবেশীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। ওই দিনই কুলসুমার বড় ভাই আবদুল খালিক বাদী হয়ে নেজামউদ্দিনকে আসামি করে জকিগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম মামলার তদন্ত শেষে ওই বছরের ১০ জুন নেজামউদ্দিনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর ২০০৫ সালের ২ জুলাই অভিযোগ গঠন হয়।
মোট ২৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার আদালত এ রায় দেন।
নেজামউদ্দিন আগামী এক সপ্তাহের মধ্যে উচ্চ আদালতে আপিল করতে পারবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/ডিডি/১৯৩১ ঘ.
bdnews24