ঢাকা, ফেব্রুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনে উপসচিব পর্যায়ের আট কর্মকর্তার দপ্তর পরিবর্তন হয়েছে। এদের মধ্যে সাতজনকে বদলি এবং একজনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
মঙ্গলবার এদের পাশাপাশি প্রশাসনে প্রেষণে নিয়োজিত সশস্ত্র বাহিনীর দুই কর্মকর্তার দায়িত্বেও পরিবর্তন এনেছে সংস্থাপন মন্ত্রণালয়।
উপসচিবদের মধ্যে রপ্তানি উন্নয়ন ব্যুরোর উপ-পরিচালক রওনক মাহমুদ এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উপ-পরিচালক অমর চান বণিককে ঢাকা সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা পদে বদলি করা হয়েছে।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরে পরিচালক হিসেবে প্রেষণে কর্মরত উপ-সচিব ডা. আমিনুল ইসলামকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ে ওএসডি করা হয়েছে।
মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে কর্মরত উপসচিব দেলোয়ার হোসেনকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক এবং সংস্থাপন মন্ত্রণালয়ের উপসচিব এসএম এহসান কবীরকে রপ্তানি উন্নয়ন ব্যুরোর সচিব পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
সড়ক ও রেলপথ বিভাগের উপসচিব রফিকুল ইসলামকে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উপ-পরিচালক, প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উপ-পরিচালক আনোয়ারা বেগমকে জাতীয় পুষ্টি কার্যক্রমের (এনএনপি) উপ-পরিচালক এবং প্রকিউরমেন্ট কনসালট্যান্ট স্ট্রেংদেনিং পিপিএসসি অর্গানাইজেশনে কর্মরত উপসচিব মোহাম্মদ জয়নুল বারীকে রপ্তানি উন্নয়ন ব্যুরোর উপ-পরিচালক হিসেবে নিয়োগ করা হয়।
সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মীর্জা মনোয়ার রেজাকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এ প্রেষণে নিয়োগ করা হয়েছে।
নৌ-বাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এমএএ ইবনে সাব্বিরকে চট্টগ্রাম মেরিন ফিশারিজ একাডেমির ঊর্ধ্বতন প্রশিক্ষকের (নেভিগেশন) পদ থেকে প্রত্যাহার করে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। তাকে তার পূর্ব কর্মস্থলে ফেরত পাঠানো হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৯৪৫ ঘ.
bdnews24