২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৭তম বিসিএস: ফের পরীক্ষা দিয়ে তবেই চাকরি

২৭তম বিসিএসে প্রথম মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু দ্বিতীয়বার বাদপড়াদের দুই মাসের মধ্যে চাকরি দেবে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2010, 12:34 PM

Updated : 24 Aug 2022, 06:51 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৭তম বিসিএসে প্রথম মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু দ্বিতীয়বার বাদপড়াদের দুই মাসের মধ্যে চাকরি দেবে সরকার। তবে এজন্য ১০০ নম্বরের একটি পরীক্ষা দিয়ে তাতে উত্তীর্ণ হতে হবে। সংসদে সংস্থাপন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম মঙ্গলবার সংসদে এ তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংস্থাপন মন্ত্রণালয় তার হাতে রেখেছেন। ওই মন্ত্রণালয়ের জন্য তার উপদেষ্টা আছেন এইচটি ইমাম। বাদপড়াদের রিট আবেদনে হাইকোর্ট কয়েক দফায় অনেককে চাকরি দিতে সরকারকে নির্দেশ দেয়। তবে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সরকার আপিল করেছে বলেও জানান আশরাফ। নেত্রকোনা-৫ আসনের সংসদ সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলালের এক প্রশ্নের জবাবে আশরাফ বলেন, "২৭তম বিসিএস-এর প্রথম পর্যায়ের মৌখিক পরীক্ষায় পিএসসি কর্তৃক সুপারিশকৃত কিন্তু দ্বিতীয় পর্যায়ের মৌখিক পরীক্ষায় সুপারিশ না পাওয়া প্রার্থীদের হাইকোর্ট থেকে চাকরি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ আদেশের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে প্রশাসনিক কারণে আপিল করা হয়েছে।" এরই মধ্যে ২৭তম বিসিএস-এর ২য় পর্যায়ের মৌখিক পরীক্ষায় পিএসসি'র সুপারিশ থেকে বাদপড়া ১,১১৪ জন প্রার্থীকে চাকরিতে নিয়োদানের জন্য সংস্থাপন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ১০০ নম্বরের একটি সংক্ষিপ্ত পরীক্ষা নেওয়ার সুপারিশ করে। ওই সুপারিশের ভিত্তিতেই সরকার নিয়োগের পথে এগোচ্ছে। ১০০ নম্বরের মধ্যে সাধারণ জ্ঞানের ওপর ৮০ নম্বরের লিখিত পরীক্ষা এবং ২০ নম্বরের মৌখিক পরীক্ষা। পাস নম্বর হবে ৪০। আশরাফ বলেন, "উত্তীর্ণ প্রার্থীদের ক্যাডার অথবা নন ক্যাডার পদে চাকরি দেওয়া হবে। এ প্রক্রিয়া চলছে, যা দুই মাসের মধ্যে বাস্তবায়ন করা হবে।" ২০০৭ সালের ২১ জানুয়ারি চূড়ান্ত ফল প্রকাশের পর দলীয়করণসহ অনিয়মের অভিযোগ ওঠায় ২৭তম বিসিএসের মৌখিক পরীক্ষার ফল বাতিল করে সরকারি কর্মকমিশন (পিএসসি)। এরপর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নতুন করে মৌখিক পরীক্ষা নিয়ে এর ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। এতে প্রথমবার উত্তীর্ণ ১ হাজার ২২ জন বাদ পড়েন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচসি/এমআই/১৮৩০ ঘ.