২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৌকর্মীদের সমস্যা সমাধানের আশ্বাস মন্ত্রীর

অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) দৈনিকভিত্তিক কর্মচারীদের নিয়মিত করা, শূন্য পদের বিপরীতে নতুন নিয়োগ ও কর্মচারীদের আবাসন সমস্যা সমাধানের আশ্বাস দিলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2010, 11:01 AM

Updated : 24 Aug 2022, 06:51 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) দৈনিকভিত্তিক কর্মচারীদের নিয়মিত করা, শূন্য পদের বিপরীতে নতুন নিয়োগ ও কর্মচারীদের আবাসন সমস্যা সমাধানের আশ্বাস দিলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। বিআইডব্লিউটিএ এমপ্লয়িজ ইউনিয়ন, ফ্লোটিং ওয়ার্কার্স ইউনিয়ন এবং মাস্টার পাইলট ও স্টাফ ইউনিয়নের একটি প্রতিনিধি দলের সঙ্গে মঙ্গলবার এক বৈঠকে তিনি এ আশ্বাস দেন। বৈঠকে বিআইডব্লিউটিএ'র কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। শাজাহান খান বলেন, বিআইডব্লিউটিএ'র কর্মচারীদের আবাসন সমস্যা সমাধানে নারায়ণগঞ্জে কর্তৃপক্ষের নিজস্ব জায়গায় স্টাফ কোয়ার্টার নির্মাণ করা হবে। ঢাকায় বিআইডব্লিউটিএ ভবনে করা হবে রেস্ট হাউজ। প্রতিনিধি দলটি বিআইডব্লিউটিএ'র সকল দৈনিকভিত্তিক কর্মচারীকে নিয়মিত করা, শূন্য পদের বিপরীতে নিয়োগ প্রদান, কর্মচারীদের আবাসন সমস্যার সমাধান এবং নৌযান কেনা ও পাইলট নিয়োগে মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে। মন্ত্রী তাদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে বলেন, "বিআইডব্লিউটিএ'র বিরাজমান বিভিন্ন সমস্যা সমাধান করা হবে। নৌযান কেনার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। কর্মচারীদের যৌক্তিক অন্য দাবিগুলো পরীক্ষা করে সমাধানের পদক্ষেপ নেওয়া হবে।" এমপ্লয়িজ ইউনিয়ন সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক লিয়াকত আলী খান, ফ্লোটিং ওয়ার্কার্স ইউনিয়ন সভাপতি গোলাম ইনুর আহম্মেদ ও সাধারণ সম্পাদক জহুরুল হক এবং মাস্টার পাইলট ও স্টাফ ইউনিয়ন সভাপতি আব্দুল মোতালেব ও সাধারণ সম্পাদক মোহাম্মদ কামালউদ্দিন বৈঠকে অংশ নেন। নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (বাণিজ্যিক) আব্দুল কুদ্দুস এ সময় উপস্থিত ছিলেন। মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান এসব কথা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/এমআই/১৬৫৫ ঘ.