ঢাকা, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মোহাম্মদপুরে সোমবার দুপুরে পুলিশের সঙ্গে গোলাগুলিতে দুই পুলিশসহ পাঁচজন আহত হয়েছেন।
গুলিবিদ্ধ তিন ছিনতাইকারী মনিরুল ইসলাম, হাবিবুর রহমান ও এরশাদ মুন্নাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক বাচ্চু মিয়া ও সহকারী উপ-পরিদর্শক মারুফ হাসানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে ওই থানার ওসি ভুইয়া মাহবুব হাসান জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডে রোববার রাতে অমিত নামে এক আদিবাসী যুবক খুন হন। এ ঘটনার সময় গ্রেপ্তার সুজন ওরফে মনির পুলিশকে দেওয়া তথ্যে ওই হত্যার সঙ্গে জড়িত কয়েকজন ছিনতাইকারীর অবস্থান জানায়।
সে তথ্য অনুযায়ী পুলিশ দুপুরে তাজমহল রোডের কবরস্থানের উত্তর-পূর্ব কোণে পৌঁছলে ছিনতাইকারীরা পুলিশের প্রতি গুলি ছোঁড়ে। এ সময় পুলিশও গুলি চালায়।
ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, গুলিবিদ্ধ তিনজন ও সুজনকে অমিত হত্যার ঘটনায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এই ঘটনায় জড়িত আরো দু'জনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
রোববার রাত আড়াইটার দিকে সলিমুল্লাহ রোডে ছিনতাইকারিদের ছুরিকাঘাতে অমিত মারা যান। এই ঘটনায় তার বন্ধু সোহাগ আহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/ডিডি/২৩৩৬ ঘ.
bdnews24