ঢাকা, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাজ কী হবে তা চূড়ান্ত না করেই আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। ২১ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন।
ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ বিষয়ে একটি খসড়া আইন করা হয়েছে। এটি পাস হলেই নির্ধারিত হবে এ ইনস্টিটিউটের কাজ কী হবে।"
দেশে ও দেশের বাইরে বাংলা ভাষার প্রচার ও প্রসারসহ ভাষা বিষয়ক গবেষণা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের প্রধান কাজ হবে বলে খসড়া আইনে বলা হয়েছে।
এছাড়া ইনস্টিটিউটের পক্ষ থেকে ভাষা বিষয়ক গবেষণার জন্য দেশি-বিদেশিদের ফেলোশিপও দেওয়া হবে।
প্রকল্পের উপ-পরিচালক সাইফা সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আইনটি পাস হলেই ইনস্টিটিউট পূর্ণাঙ্গরূপে কাজ শুরু করবে।"
খসড়া আইনে এ ইনস্টিটিউটকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করা হয়েছে।
এক একরের বেশি জমিতে নির্মাণাধীন এ ইন্সটিটিউটে ৫৭০ আসনের মিলনায়তন করার পরিকল্পনা রয়েছে। এছাড়া পাঠাগার, ভাষা জাদুঘর, ভাষা পাঠাগার, আর্কাইভ তৈরি করা হবে।
প্রকল্পের কর্মকর্তারা জানান, ২০০১'র ১৫ মার্চ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইনস্টিটিউটটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তবে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে এ প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়া হয়।
পাঁচ বছর বন্ধ থাকার পর ২০০৮ সালের ২৬ আগস্ট নতুন করে বর্তমান সরকার কাজ শুরু করে। ইতোমধ্যে প্রাথমিকভাবে তিনতলা ভবন তৈরির কাজ শেষ হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এএল/জিএনএ/২১৫৫ ঘ.
bdnews24