ঢাকা, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীতে সোমবার দুপুরে অস্ত্র ও চোরাই প্রাইভেটকারসহ চারজনকে আটক করেছে র্যাব।
গাজীপুরে রোববার রাতে অস্ত্রসহ এক যুবককে র্যাব গ্রেপ্তার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পটুয়াখালী প্রতিনিধি জানান, শহরের লেবুখালী ফেরিঘাট থেকে দুপুর ১২টার দিকে গ্রেপ্তার চারজন হলেন- মো. ইউনুছ মিয়া, মো. জাহাঙ্গীর আলী, আবুল কালাম কালু ও ফারুক রায়হান।
তাদের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল ও একটি চোরাই প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে বলে র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট মহিউদ্দন মজুমদার জানান।
তিনি বলেন, এই চারজন ঢাকার সন্ত্রাসী চেঙ্গাবাবু গ্র"পের সদস্য। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে অস্ত্র বিক্রি করে আসছিল। এ ছাড়া ঢাকার মিরপুর, কল্যাণপুর, সাভার ও আশুলিয়ায় সন্ত্রাস ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধেও জড়িত।
তাদের র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
অভিযানের সময় আলাউদ্দিন রকি নামে একজন পালিয়ে যায় বলেও র্যাব কর্মকর্তা জানান।
গাজীপুর প্রতিনিধি জানান, টঙ্গীর শিল্পনগরী এলাকা থেকে গ্রেপ্তার যুবকের নাম সোহানুর রহমান রাজন (২০)।
তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয় বলে জানান র্যাব-১ এর সহকারী পরিচালক ক্যাপ্টেন মো. সোহেল।
তিনি বলেন, অস্ত্রের ক্রেতা সেজে র্যাব সদস্যরা শিল্পনগরীর নির্ধারিত স্থানে গিয়ে কৌশলে অস্ত্রসহ রাজনকে গ্রেপ্তার করে।
জিজ্ঞাসাবাদ শেষে সোমবার বিকালে তাকে টঙ্গী থানায় সোপর্দ করা হয়েছে।
টঙ্গী থানার সহকারী উপ-পরিদর্শক মো. খলিলুর রহমান সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৪২ ঘ.
bdnews24