২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছুরিকাঘাতে আদিবাসী যুবক নিহত

রাজধানীর মোহাম্মদপুরে রোববার মধ্যরাতে ছুরিকাঘাতে অমিত (২৫) নামে এক আদিবাসী যুবক মারা গেছে। আহত হয়েছেন তার বন্ধু সোহাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2010, 11:28 AM

Updated : 24 Aug 2022, 06:49 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মোহাম্মদপুরে রোববার মধ্যরাতে ছুরিকাঘাতে অমিত (২৫) নামে এক আদিবাসী যুবক মারা গেছে। আহত হয়েছেন তার বন্ধু সোহাগ। রাত আড়াইটার দিকে সলিমুল্লাহ রোডে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে। সলিমুল্লাহ রোডের বাসিন্দা হাসান মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোহাগ এবং তার বন্ধু অমিত সলিমুল্লাহ রোডের ১০/৯ বাসার সামনে দাঁড়িয়ে কথা বলার সময় একটি প্রাইভেট কারে করে আসা ৪/৫ জন প্রথমে অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে মোবাইল ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সোহাগ ভয়ে টাকা এবং মোবাইল সেট দিয়ে দিলেও তার ডান পায়ে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। কিন্তু অমিত টাকা মোবাইল দিতে অস্বীকার করায় ছিনতাইকারীরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। হাসান বলেন, "এরপর ছিনতাইকারীরা পালিয়ে যায়। তবে মনির (২২) নামে একজন গাড়িতে উঠতে না পারায় তাকে ফেলেই পালায় তার সহােযগীরা। স্থানীয় লোকজন মনিরকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়।" আহত অমিত এবং সোহাগকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার অমিতকে মৃত ঘোষণা করে। সোহাগের বোন ফাল্গুনী চামগং জানান, তারা ভাইবোন মিলে সলিমুল্লাহ রোডের বাসায় থাকলেও অমিত পশ্চিম রাজাবাজারে থাকে। দুই বন্ধু ময়মনসিংহে আদিবাসীদের একটি অনুষ্ঠানে গিয়েছিলো। সেখান থেকে গভীর রাতে ফিরে তাদের বাসার সামনে রিকশা থেকে নামার পর ছিনতাইকারীদের কবলে পড়েন। মোহাম্মদপুর থানার উপ পরিদর্শক মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছিনতাইয়ের ঘটনার খবর পেয়ে পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায়। মনিরকে তাদের হেফাজতে নেওয়ার পর তার স্বীকারোক্তি অনুযায়ী রাতেই অভিযান চালিয়ে সাইফুল্লাহ এবং হাফিজুর নামে আরো দু'জনকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সময় থাকা আরো দু'জনের নাম পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা মনিরুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কিউএইচ/এমআই/১৭২০ ঘ.