ঢাকা, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়া আন্তর্জাতিক বিমানন্দরের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর নতুন নাম হবে হজরত শাহজালাল বিমানবন্দর।
সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদন হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ বৈঠকের সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান।
জিয়া বিমানবন্দরের নতুন নামকরণ সোমবার থেকেই কার্যকর হচ্ছে বলে প্রেসসচিব জানান।
তিনটি ট্যাক্সিয়েসহ সাড়ে ১০ হাজার ফিট লম্বা একটি রানওয়ে নিয়ে ১৯৮০ সালে রাজধানীর কুর্মিটোলায় যে বিমানবন্দরটি যাত্রা শুরু করে ১৯৮৩ সালে তার নাম প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে করা হয়।
মুক্তিযুদ্ধের অন্যতম সমর নায়ক জিয়া এর দুই বছর আগে রাষ্ট্রপতি থাকা অবস্থায় এক সেনা অভ্যূত্থানে নিহত হন।
ইসলাম প্রচারক হজরত শাহজালালের নামে সিলেটে একটি বিশ্ববিদ্যালয় রয়েছে।
মন্ত্রিসভার বৈঠকের আগেই বিএনপি হুঁশিয়ারি দিয়েছে, জিয়া বিমানবন্দরের নাম পরিবর্তন হলে তারা আন্দোলনে নামবে।
মন্ত্রিসভার বৈঠকে বরিশাল জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের নাম বরিশাল বিশ্ববিদ্যালয় করার সিদ্ধান্তও হয়েছে।
এ বিশ্ববিদ্যালয়টি অনুমোদিত হলেও সেখানে ক্লাস এখনো শুরু হয়নি।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব জানান, বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে যে সব স্থাপনা ও প্রতিষ্ঠানের নাম বদলে ফেলা হয়েছিলো, সেগুলো আগের নামে ফিরিয়ে নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৫৪২ ঘ.
bdnews24