রাজশাহী, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডাকাত ধরতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারিয়েছে রাজশাহীর পবা উপজেলার খিরসিনটিকোর গ্রামের কৃষক আব্দুল মতিন (৩৩)।
সোমবার ভোররাতে নিজ গ্রামেই ডাকাতের হামলায় মতিন আহত হন বলে জানিয়েছেন পবা থানার ওসি আবু বকর। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ওসি সাংবাদিকদের বলেন, "রাত দেড়টার দিকে উপজেলা যুবদল সভাপতি আবু বকর সিদ্দিকের বাড়িতে একদল মুখোশধারী ডাকাত হানা দেয়। এলাকাবাসী ডাকাতদের ঘিরে ফেললে তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ করে পালাতে চেষ্টা করে।"
"ওই সময় মতিন এক ডাকাতকে জাপটে ধরলে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে পালিয়ে যায়।"
এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানায়।
এদিকে যুবদল নেতা বকর দাবি করেছেন, ডাকাতরা তার বাড়ি থেকে ৮ ভরি স্বর্ণালঙ্কার ও তিনটি মোবাইল সেট লুট করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১২৩৬ ঘ.
bdnews24