২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার কার্যালয়ের সামনে 'ককটেল'

গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ের সামনে সোমবার সকালে বোমা সদৃশ দুটি বস্তু পাওয়া গেছে।(আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2010, 05:13 AM

Updated : 24 Aug 2022, 06:50 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ের সামনে সোমবার সকালে বোমা সদৃশ দুটি বস্তু পাওয়া গেছে। এ দুটিকে ককটেল (ঘরে তৈরি বোমা) দাবি করে এ বিষয়ে তদন্তের দাবি জানিয়েছে বিএনপি। তবে পুলিশ বলছে, উদ্ধার বস্তু দ্বারা বড় ধরণের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা ছিলো না। গুলশানের ওই ভবন বিএনপি চেয়ারপারসন খালেদা তার রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহার করেন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়া পল্টনে। বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৬টার দিকে কার্যালয়ের প্রধান ফটকের সামনে 'ককটেল' দুটি পাওয়া যায়। তিনি বলেন, "অফিসের পাহারাদাররা গেইট খুলে বেরিয়ে এসে তা দেখে পুলিশকে খবর দেয়।" গুলশান থানার উপপরিদর্শক (এসআই) আহমেদ কবির দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোয়েন্দা পুলিশের বোমা বিশেষজ্ঞরা লাল স্কচটেপে মোড়ানো বস্তু দুটি পরীক্ষা করে এর ভেতরে কিছু পাথরের টুকরা ও এক ধরনের পাউডার পেয়েছে। তিনি বলেন, "লাল স্কচটেপ খোলার পর প্লাস্টিকের ছোট জর্দার কৌটা দেখা যায়। তার ভেতর পাথরের টুকরা এবং অল্প পরিমাণ পাউডার পাওয়া যায়। এছাড়া কৌটার ভেতরে আর কিছু ছিলো না।" "বোমা বিশেষজ্ঞ দলটি জানিয়েছে, এ বস্তু জোরে আঘাত পেলে স্বল্প শব্দে বিস্ফোরিত হতে পারতো। তবে এতে আতঙ্ক সৃষ্টি ছাড়া বড় ধরনের কোনো ক্ষতির সম্ভাবনা খুবই কম।" বোমার মতো বস্তু দুটি উদ্ধারের পর দুপুরে এ নিয়ে সংসদ ভবনে সংবাদ সম্মেলন করে বিএনপির সংসদীয় দল। বিরোধী দলের প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক এ বিষয়টি তদন্তের দাবি জানানোর পাশাপাশি বিরোধী দলীয় নেতা খালেদার নিরাপত্তা জোরদারের জন্যও সরকারের প্রতি আহ্বান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এলএইচ/এফএফ/এমআই/১৬৪৫ ঘ.