২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টুকুকে মুজাহিদের পাল্টা হুঁশিয়ারি

জামায়াত সমর্থিত ছাত্র সংগঠন ছাত্র শিবির উৎখাত করতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নির্দেশের কঠোর সমালোচনা করে তাকে পাল্টা হুমকি দিয়েছেন দলটির অন্যতম শীর্ষ নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2010, 03:57 PM

Updated : 24 Aug 2022, 06:47 PM

ঢাকা ফেব্রুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াত সমর্থিত ছাত্র সংগঠন ছাত্র শিবির উৎখাত করতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নির্দেশের কঠোর সমালোচনা করে তাকে পাল্টা হুমকি দিয়েছেন দলটির অন্যতম শীর্ষ নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। তিনি বলেছেন, "স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন জামায়াত-শিবিরকে নির্মূল করা হবে। নির্মূল মানে হচ্ছে, হত্যা করা। তিনি নির্মূল না বলে বলতে পারতেন, রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর এই বক্তব্যের কারণে জামায়াত-শিবিরের গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের যদি কারো কোনো ক্ষতি হয়, তাহলে তাকে আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে।" রোববার বড় মগবাজারে জামায়াত কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সেক্রেটারি জেনারেল একথা বলেন। পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন মুজাহিদ। এদিকে, নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী ১৬, ১৭ ও ১৮ তারিখ মহানগরী, জেলা ও উপজেলায় সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছে দলটি। দলের পক্ষ থেকে ১৯ ফেব্রুয়ারি পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় কর্মসূচিও রাখা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনা সম্পর্কে সরকার অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দিচ্ছে বলে দাবি করেন মুজাহিদ। ঘটনার দায় কার জানতে চাইলে তিনি বলেন, "এটা আপনাদের বলব না। বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠিত হলে তাদের বলব।" রাবি ছাত্র ফারুক হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, "বিষয়টি জানতে আমরা শিবিরকে তদন্ত কমিটি করতে বলেছি। সেই রিপোর্ট আসার আগে কিছু বলা সম্ভব নয়।" জামায়াত-শিবিরের নেতাকর্মীদের কাছ থেকে জিহাদি বই উদ্ধার প্রসঙ্গে লিখিত বক্তব্যে দলের সেক্রেটারি জেনারেল বলেন, "পবিত্র কোরআন এবং হাদিসে জিহাদের কথা উল্লেখ আছে। মানুষ ইসলাম সম্পর্কে জানার জন্য এবং ছওয়াবের নিয়তে এসব অধ্যয়ন করছে।" লিখিত বক্তব্যে মুজাহিদ জানান, ২০ ফেব্রুয়ারি আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, ২১ ফেব্র"য়ারি দেশব্যাপী দোয়া মাহফিল হবে। এছাড়া ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় নিহতদের স্মরণে দোয়া ও মাহফিল করবে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএল/জিএনএ/২১৫০ ঘ.