২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে কলেজে ছাত্রসংঘর্ষ, আহত ১০

দুই ছাত্রের ঝগড়ার জেরে মাদারীপুর জেলার শিবচরের রুহুল আমিন বিশ্ববিদ্যালয় কলেজে দু'দল ছাত্রের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2010, 03:02 PM

Updated : 24 Aug 2022, 06:47 PM

মাদারীপুর, ফেব্রুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই ছাত্রের ঝগড়ার জেরে মাদারীপুর জেলার শিবচরের রুহুল আমিন বিশ্ববিদ্যালয় কলেজে দু'দল ছাত্রের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। রোববার দুপুরে এ সংঘর্ষ চলাকালে ছাত্ররা কলেজের ছাত্রাবাসে ভাংচুরও চালায়। আহত সাগর হোসেন, মামুন, মহীবুল ইসলাম, রাজু ও শহীদকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাকিদের নাম জানা যায়নি। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে শিবচর থানার উপ-পরিদর্শক ইউসুফ আলী ফকির বলেন, গত ১০ ফেব্রুয়ারি কলেজ থেকে শিক্ষা সফরে যাওয়ার পথে বাসের মধ্যে কলেজের মার্কেটিং বিভাগের ছাত্র মহীবুল ইসলামের সঙ্গে একই বিভাগের সাগর হোসেনের ঝগড়া হয়। এর জেরে রোববার দুপুর ২টার দিকে ছাত্রাবাস থেকে সাগরকে ডেকে নিয়ে মারধর করে মহীবুলের লোকজন। সাগর ঘটনাটি ছাত্রাবাসে তার বন্ধুদের জানালে দু'গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান বলেন, "পরিস্থিতি এখন শান্ত। ওই দু'জনসহ অন্যদের ডেকে কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪৬ ঘ.