২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পিকার নিরপেক্ষ নন: বিএনপি

সংসদে যোগ দেওয়ার আধঘণ্টার মাথায় ওয়াক আউট করে আবারো স্পিকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে প্রধান বিরোধী দল বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2010, 01:55 PM

Updated : 24 Aug 2022, 06:48 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম )- সংসদে যোগ দেওয়ার আধঘণ্টার মাথায় ওয়াক আউট করে আবারো স্পিকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে প্রধান বিরোধী দল বিএনপি। দলটি সংসদ বয়কটের ঘোষণা না দিলেও রোববার সংসদে আর ফিরে না যাওয়ার কথা জানিয়ে দিয়েছে। সন্ধ্যায় সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে বিরোধী দলের প্রধান হুইপ জয়নাল আবদিন ফারুক বলেন, "আমাদের নেতা সর্ম্পকে আজও কটাক্ষ করে বক্তব্য রাখা হয়েছে। আগের অধিবেশনে দেওয়া এ ধরনের বক্তব্য কার্যবিররণী থেকে বাদ দেওয়া হয়নি। তাই স্পিকারের নিরপেক্ষতা নিয়েই আমরা সন্দেহ প্রকাশ করছি।" দুই দিন বিরতির বেলা সোয়া ৩টায় অধিবেশন শুরু হলে বিএনপিসহ তাদের জোট শরিকরা অধিবেশনে যোগ দেয়। পৌনে ৪টার দিকে সরকারি দলের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের লাশ কবরে আছে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করে বক্তব্য রাখলে এর প্রতিবাদ জানিয়ে বিরোধী সদস্যরা সংসদ থেকে বেরিয়ে যান। ব্রিফিংয়ে বিরোধী দলের চিফ হুইপ সাংবাদিকদের কাছে ওয়াক আউটের কারণ তুলে ধরেন। জয়নাল আবদিন বলেন, "আমরা জনগণের স্বার্থে দেশের মানুষের কথা বলতে সংসদে যোগ দিয়েছিলাম। গত দুই দিনই আমাদের প্রয়াত নেতা জিয়াউর রহমান ও তার লাশ নিয়ে কটাক্ষ করে সরকারি দলের সদস্যরা বক্তব্য রেখেছেন। অথচ স্পিকার কোনো কিছুই করেননি।" তিনি অভিযোগ করেন, "যারা ৭২-৭৫ সাল পর্যন্ত ৪০ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে তারাই আজ শহীদ জিয়াকে খুনি বলে।" সারাদেশে চিরুনী অভিযানের নামে বিরোধী দলের নেতাকর্মীদের দমন করতে হামলা-মামলা দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এক প্রশ্নের জবাবে ফারুক বলেন, "বিরোধী দলের পক্ষ থেকে ৬৯টি মূলতবি প্রস্তাব আলোচনা জন্য দেওয়া হয়েছিল। ওইসব মূলতবি প্রস্তাব স্পিকার বাতিল করে দিয়েছেন।" এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সাংসদ মাহবুবু উদ্দিন খোকন, নজরুল ইসলাম মঞ্জু, জামায়াতের হামিদুর রহমান আজাদ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচসি/এএল/জিএনএ/১৯৫১ ঘ.