ঢাকা, ফেব্রুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারটি উন্নয়ন প্রকল্পে ৩ হাজার কোটি টাকা অর্থ সহায়তার প্রস্তাব দিয়েছে জাপান।
স্বল্প সুদে দেওয়া এই অর্থ আগামী তিন মাসের মধ্যে আসবে বলে আশা করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
ঢাকায় জাপানের রাষ্ট্রদূত হারুমিতসু হিদা রোববার অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করে এ সহায়তার প্রস্তাব দেন।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) ওই বৈঠকের পর অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, তারা চারটি প্রকল্পে অর্থ সহায়তার প্রস্তাব দিয়েছে। আশা করছি, চুক্তি শেষে তিন মাসের মধ্যে সে অর্থ পেয়ে যাবো।
"তারা খুবই ভালো ভালো প্রজেক্টে দিয়েছে। এটা আমাদের খুবই কাজে লাগবে।"
প্রকল্পগুলো হচ্ছে- চট্টগ্রাম সিটি আউটার রিং রোড প্রজেক্ট (৭০২৮ মিলিয়ন টাকা), ভেড়ামারা কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট ডেভলপমেন্ট প্রজেক্ট (১৭০৬ মিলিয়ন টাকা), রুরাল ইলেকট্রিফিকেশন আপগ্রেডেশেন প্রজেক্ট (১০,২৩১ মিলিয়ন টাকা) এবং সাউথ ওয়েস্টার্ন বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট প্রজেক্ট (১১,০০৮ মিলিয়ন টাকা)।
মুহিত জানান, ভেড়ামারায় ৩৫০ মেগাওয়াটের ডুয়েল-ফুয়েল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য আগামী বছর দরপত্র আহ্বান করা হবে।
তিনি বলেন, "পশ্চিমাঞ্চলে রুরাল ইলেকট্রিফিকেশন আপগ্রেডেশেন প্রকল্প এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে রুরাল ডেভেলপমেন্ট প্রকল্পটি এ অঞ্চলে দারিদ্রে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর কাজে লাগবে।"
এ সহায়তায় সুদের হার ০ দশমিক ০১ শতাংশের প্রস্তাব করা হয়েছে।
ইআরডির সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটা অন্য উন্নয়ন সহযোগীদের চেয়ে অপেক্ষাকৃত কম সুদের ঋণ।"
বিশ্ব ব্যাংক বাংলাদেশকে ০ দশমিক ৭৫ শতাংশ সুদে ঋণ দেয় বলেও জানান তিনি।
জাপান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ ঋণ ৪০ বছর ধরে পরিশোধ করতে করতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৬০০ ঘ.
bdnews24