রাজশাহী বিশ্ববিদ্যালয়, ফেব্রুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্যাম্পাসে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নয় কর্মীকে সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে।
শনিবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আওয়াল কবির ও সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে এই নয় কর্মীকে বহিষ্কার করা হয়েছে।
বহিস্কৃত ছাত্রলীগ কর্মীরা হলেন- জুয়েল, রকি, মিন্নাথ, রনি, দেলোয়ার, বিল, মাসুদ, নয়ন ও মনির।
দায়িত্ব পালনের সময় বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে ছাত্রলীগের হামলায় আট সাংবদিক আহত হন। হামলায় আহত হন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুস্তাক আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমএসবি/১৭৩৪ ঘ.
bdnews24