চাঁদপুর, ফেব্রুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ছাত্রলীগের মিছিলে হামলার ঘটনায় আটক জামায়াত-শিবিরের নয় নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার বিকালে আটকৃতদের চাঁদপুরের বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করা হয়। আটকৃতদের জামিন চেয়ে আবেদন করেন তাদের আইনজীবীরা।
শুনানি শেষে হাকিম মোহাম্মদ রহমত আলী তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মী ফারুক হত্যার প্রতিবাদে শুক্রবার বিকেলে হাজীগঞ্জে ছাত্রলীগ নেতা-কর্মীরা পশ্চিম বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শিবির কার্যালয়ের কাছে এলে শিবিরকর্মীরা হামলা চালায়। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
এ সময় নয় নয় জামায়াত-শিবির নেতাকর্মীকে আটক করে পুলিশ।
হাজীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগ কর্মী রাজেন্দ্র চন্দ্র সাহা জামায়াত-শিবিরের ২১ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে মামলা করেন। এ মামলায় আটক নয়জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতদের জামিন চেয়ে আদালতে শুনানি করেন জামায়াত নেতা অ্যাডভোকেট সালেহ আহমেদ, অ্যাডভোকেট মো. শাহজাহান ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বিএনপি নেতা বাবর বেপারী।
আদালত পরিদর্শক ফরিদ আহমেদ জামিনের বিরোধিতা করেন।
কারাগারে পাঠানো নয়জন হলেন- জামায়াত নেতা আবুল হাসানাত, মনজুর আলম, সাইফুল ইসলাম মোল্লা, সফিকুর রহমান, হাজীগঞ্জ মডেল কলেজের প্রভাষক জসিম উদ্দিন, হাজীগঞ্জ ইসলামী ব্যাংক কর্মকর্তা গোলাম মাসুদ ও সেফায়েত উল্লাহ, শিবিরকর্মী মোতাহের হোসেন ও ইব্রাহিম।
গত সোমবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও শিবিরের মধ্যে সংঘর্ষে ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন নিহত হন। পুলিশ বলেছে, ফারুক শিবিরের হামলায় মারা গেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭২৯ ঘ.
bdnews24