ঢাকা, ফেব্রুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমবায় আন্দোলন বেগবান এবং পুঁজি গঠনসহ সামাজিক কর্মকাণ্ডে সমিতিগুলোকে উৎসাহিত করার লক্ষ্য নিয়ে রোববার থেকে শুরু হচ্ছে সমবায় মেলা।
রাজধানীর আগারগাঁওয়ে সমবায় অধিদপ্তরে ১০ দিনব্যাপী এ মেলা উদ্বোধন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
মেলার আয়োজক সমবায় অধিদপ্তরের অতিরিক্ত নিবন্ধক মোহাম্মদ সাইদুজ্জামান শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এবার নিয়ে তৃতীয়বার এ মেলা হচ্ছে।
এবারের মেলায় ঢাকাসহ দেশের চারটি বিভাগের ১৮০টি সমবায় প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
এরমধ্যে মিল্ক ভিটা ও কো-অপারেটিভ বুক সোসাইটিসহ ঢাকার দুটি কেন্দ্রীয় সমবায়, মহানগরীর ছয়টি থানা এলাকার ৫৩টি এবং জেলা পর্যায়ের ২২টি প্রতিষ্ঠান এতে অংশ নেবে।
ঢাকার বাইরে তিনটি বিভাগের মধ্যে রাজশাহীর সাতটি, খুলনার পাঁচটি এবং চট্টগ্রামের সাতটি প্রতিষ্ঠান মেলায় স্টল বরাদ্দ পেয়েছে।
মেলা কমিটির প্রধান সাইদুজ্জামান বলেন, "ঢাকাসহ গোটা দেশে সমবায় আন্দোলনকে বেগবান এবং পুঁজি গঠনসহ সামাজিক কর্মকাণ্ডে সমিতিগুলোকে উৎসাহিত করতে এ মেলার আয়োজন করা হয়েছে।"
সমবায় অধিদপ্তরের যুগ্ম-নিবন্ধক আবুল হোসেন জানান, মেলায় সমিতিগুলো নিজের উৎপাদিত মৃৎশিল্প, হস্তশিল্প, তাঁত বস্ত্র, বুটিক ও বাটিক, রকমারি খাদ্য সামগ্রী, স্বাস্থ্য সেবা পদ্ধতি এবং তথ্য প্রযুক্তি জাতীয় সামগ্রী প্রদর্শন করবে।
এছাড়াও আবাসন সমিতিগুলো তাদের বিভিন্ন প্রকল্পের তথ্য ও স্যুভেনির প্রদর্শন করবে।
সরকারি ব্যবস্থাপনায় মেলায় স্টল তৈরি করে দেওয়া হচ্ছে জানিয়ে আবুল হোসেন বলেন, "এজন্য কোনো সমিতিকে অর্থ দিতে হচ্ছে না।"
মেলার সার্বিক আয়োজনে মোট ১২ লাখ টাকা খরচ হবে বলেও জানান তিনি।
মেলায় অংশগ্রহণকারী সমিতিগুলোর স্টল সজ্জা এবং প্রদর্শনীর ওপর ভিত্তি করে পুরস্কারেরও ব্যবস্থা রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এমআই/১৭০০ ঘ.
bdnews24