২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুর ও মাদারীপুরে জাটকা আটক

চাঁদপুর ও মাদারীপুরে শনিবার বেশ কিছু জাটকা (ছোট ইলিশ) আটক করেছে পুলিশ ও র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2010, 11:02 AM

Updated : 24 Aug 2022, 06:47 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুর ও মাদারীপুরে শনিবার বেশ কিছু জাটকা (ছোট ইলিশ) আটক করেছে পুলিশ ও র‌্যাব। এর মধ্যে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজার এলাকা থেকে ৩৫ মণ জাটকা আটক করে পুলিশ। মাদারীপুর সদর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর বাসস্ট্যান্ডে বিআরটিসির একটি ট্রাক তল্লাশি করে র‌্যাব সদস্যরা আটক করে তিন মেট্রিক টন জাটকা। গ্রেপ্তার করা হয় তিনজনকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: চাঁদপুর: চাঁদপুর থেকে মতলব হয়ে ঢাকামুখী একটি ট্রাকে অভিযান চালিয়ে জাটকাগুলো আটক করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান মতলব দক্ষিণ থানার ওসি দেওয়ান মো. আবুল হোসেন। এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। দুপুরেই মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসান মাহমুদের উপস্থিতিতে জাটকাগুলো ধ্বংস করা হয়। আটককৃত জাটকার বাজারমূল্য প্রায় ৪ লাখ ৯০ হাজার টাকা বলে পুলিশ জানায়। মাদারীপুর: র‌্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্পের উপ-পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার নূর হাসান সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল থেকে ঝিনাইদহগামী বিআরটিসির ট্রাকটিতে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকচালকের সহকারী শহীদ (২৫), মাছ ব্যবসায়ী জাহাঙ্গীর (৩৫) ও সুবলকে (৩৬) গ্রেপ্তার করা হয়। এদের মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। র‌্যাব কর্মকর্তা জানান, একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আটককৃত জাটকার একটি অংশ নিলামে বিক্রি করা হয়। আর কিছু এতিমদের মধ্যে বিতরণ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমএসবি/১৯০৪ ঘ.