মাদারীপুর, ফেব্রুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেরি সঙ্কট ও নদীর পানি কমে যাওয়ার কারণে রাজধানীমুখী এক হাজার ট্রাক কাওড়াকান্দি ঘাটে পারের অপেক্ষায় আছে।
এ সব ট্রাকের অধিকাংশটিতে শাক-সবজি থাকায় পচনশীল এ সব দ্রব্য নষ্ট হওয়ার উপক্রম হয়েছে বলে চালকরা জানিয়েছেন।
বিআইডব্লিউটিসি কর্মকর্তারা বলছেন, দুটি ফেরি কমে যাওয়ায় এবং হঠাৎ গাড়ির চাপ বেড়ে গেছে। সেই সঙ্গে নদীর পানি কমে যাওয়ায় পারাপারের এ সমস্যা দেখা দিয়েছে।
শনিবার সকালে কাওড়াকান্দি ঘাটে গিয়ে সকাল পৌনে ১১টা পর্যন্ত দীর্ঘ লাইনে কমপক্ষে ১১শটি ট্রাককে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
ঢাকার কারওয়ান বাজারের উদ্দেশে আসা ট্রাকচালক রহিম সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তিন দিন ধরে ঘাটে বসে আছি, কিন্তু এখনো ফেরিতে উঠতে পারিনি। ফেরি কম বলে এ সমস্যা দেখা দিয়েছে বলে বলছে ঘাটের লোকজন।"
যশোর থেকে সবজি নিয়ে আসা এ ট্রাকচালক জানান, ট্রাকে থাকা মালামাল পচে যাচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) কাওড়াকান্দি কার্যালয়ের কর্মকর্তা শাহনেওয়াজ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগে ১১টি ফেরি চললেও এখন নয়টি ফেরি দিয়ে তারা পারাপার চালাচ্ছেন।
রো রো ফেরি ভাষা শহীদ বরকত দৌলতদিয়ায় নিয়ে স্থানান্তর করা হয়েছে। আরেকটি ফেরি বিকল হয়ে পড়েছে।
"এর মধ্যে ফরিদপুরের জাকের মঞ্জিল ও চট্রগ্রামের সীতাকুণ্ডে শিব উৎসবে যোগ দেওয়া তীর্থযাত্রীদের জন্য গত দুই দিনে ঘাটে গাড়ির চাপ বেড়েছে", বলেন শাহনেওয়াজ।
সচল নয়টি ফেরির মধ্যে ছয়টিই ডাম্প ফেরি, যেগুলোতে গাড়ি উঠা নামায় সময় বেশি লাগে।
এছাড়া পানি কমে যাওয়ায় কাওড়াকান্দির ১ ও ৩ নম্বর ঘাটে পন্টুন সংলগ্ন সংযোগ সড়কের মাটি কেটেও পানির স্তরের সঙ্গে মেলানো যাচ্ছে না বলে জানান বিআইডাব্লিওটিসি কর্মকর্তা।
তিনি বলেন, কাওড়াকান্দি ঘাট থেকে লৌহজং টার্নিং পর্যন্ত পানির স্তর নেমে যাওয়ায় ধারণক্ষমতার চেয়ে কম সংখ্যক গাড়ি নিয়ে ফেরিগুলোতে চলতে হচ্ছে।
কাওড়াকান্দি ঘাটের ইজারাদার আবু আলম হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যে ফেরিগুলো আছে, তা দিয়েই আমরা আমাদের সাধ্যমত গাড়ি পারাপারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।"
ঘাটে যানজটের কারণে যাত্রীবাহী বাসগুলোকে আগে পার করা হচ্ছে। তবে ঘাট এলাকায় কোনো টার্মিনাল না থাকায় গত তিন দিন ধরে আটকে থাক ট্রাক শ্রমিকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বৃহত্তর বরিশালসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা রাজধানীতে আসার জন্য মাওয়া-কাওড়াকান্দি রুট ব্যবহার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/িকিউএইচ/এমআই/১৩০০ ঘ.
bdnews24