চট্টগ্রাম, ফেব্রুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম অগ্নিকাণ্ডে শনিবার ভোররাতে চার শিশুর মৃত্যু হয়েছে। তারা সবাই ভাই-বোন।
রাত ৩টার দিকে বায়েজিদ থানার শান্তিনগর এলাকার মোহাম্মদপুর কলোনির একটি বাড়িতে আগুন লাগলে ওই চারজনের মৃত্যু হয় বলে দমকল বাহিনী জানিয়েছে।
মৃতরা হচ্ছে- নূরুন্নবী (১০), সালাহউদ্দিন (৭), আলাউদ্দিন (৫) ও তানজিনা (৪)। তাদের মায়ের নাম হোসনে আরা বেগম। বাবা বেঁচে নেই।
তাদের বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলার বগাইয়া গ্রামে। হোসনে আরা চট্টগ্রামে গার্মেন্টসে কাজ করতেন বলে স্থানীয়রা জানায়।
দমকল বাহিনীর আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের কর্মী মোহাম্মদ মোরশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৩টার সময় হোসনে আরা'র কাঁচা বসত ঘরে আগুন লাগে। এরপর তা পাশের চারটি ঘরে ছড়িয়ে পড়ে। সাড়ে ৪টার দিকে আগুন নেভানো হয়।
আগুনে হোসনে আরার চার সন্তান ঘটনাস্থলেই মারা যায় বলে মোরশেদ জানান। আহত হন দুজন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের একজনের নাম হান্নান গাজী। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে দমকল বাহিনী ধারণা করছে।
দমকলকর্মী মোরশেদ বলেন, আগুনে চারটি ঘরের ৪ লাখ টাকার মালামাল পুড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমআই/১০১০ ঘ.
bdnews24