যশোর, ফেব্রুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যশোরের নওয়াপাড়া জুটমিলে শুক্রবার দুপুরে আগুন লাগে।
বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে জারবান ফাইবার ইউনিটে আগুনে সূত্রপাত বলে জানিয়েছেন কারখানার ব্যবস্থাপক সিদ্দিকুর রহমান।
তিনি সাংবাদিকদের জানান, ওই ইউনিটে একটি প্রেস মেশিন, কাঁচা পাট, চটসহ প্রায় আট কোটি টাকার সম্পদ রয়েছে। বাংলাদেশ ও জাপান সরকারের যৌথ অর্থায়নে ওই ইউনিটটি পরিচালিত হয়ে আসছে।
তবে কি পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি তিনি।
যশোর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আসাদুজ্জামান জানান, দুপুর সোয়া ৩টায় খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান।
যশোর ও জেলার মনিরামপুর, অভয়নগর এবং খুলনা ও জেলার দৌলতপুর থেকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
টানা দুই ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সন্ধ্যা ৬টায় পর্যন্ত আগুন পুরোপুরি নেভেনি বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা আসাদুজ্জামান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৪৭ ঘ.
bdnews24