সায়েদ তালাত
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, ফেব্রুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের রাতে অগ্নিকাণ্ডে সাত মৃত্যুর ঘটনা সত্ত্বেও শুক্রবার বিকাল পর্যন্ত জাপান গার্ডেন সিটি কর্তৃপক্ষের কেউ ঘটনাস্থলে যায়নি।
রাজধানীর মোহাম্মদপুরের ওই আবাসিক ভবনে বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডে এক পরিবারের দুই নারী ও তিন শিশুসহ সাতজনের মৃত্যু হয়।
ঘটনার বিষয়ে টেলিফোনে জানতে চাইলে জাপান গার্ডেন সিটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদুজ্জামান দুলাল সাংবাদিক পরিচয় শুনে লাইন কেটে দেন।
প্রতিষ্ঠানটির পরিচালক আসাদুজ্জামান জামিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রজেক্টের বাসিন্দারা ক্ষুব্ধ ও উত্তেজিত হয়ে আছেন, সেখানে গেলে খারাপ কিছু হতে পারে; এ রকম আশংকার কারণে আমরা সেখানে কেউ যেতে পারিনি।"
আগুন নেভানোর চেষ্ঠার সময় হোসপাইপগুলো কেন কাজ করেনি প্রশ্ন করলে জামিল বলেন, "বিদ্যুৎ বন্ধ করে দেওয়ার কারণে মটর চালানো যায়নি। এ কারণে রিজার্ভারে পানি থাকলেও ওয়াটার লাইনে পানি সরবরাহ সম্ভব হয়নি।"
এরকম অবস্থায় বিকল্প ব্যবস্থার বিষয়ে জিজ্ঞেস করলে জামিল দাবি করেন, আগুনের নির্বাপনের সব প্রস্তুতিই সেখানে ছিল।
তিনি বলেন, "কিন্তু সেগুলো যে পর্যাপ্ত নয়, তা একটি দুঃখজনক ঘটনার মধ্য দিয়ে সনাক্ত করতে হলো।"
এদিকে আগুনে নিহত রফিকুল, তার স্ত্রী, তারিকুল, তার স্ত্রী ও দুই সন্তানের জানাজা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার দুপুরে। এরপর লাশগুলো আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। গৃহকর্মীর লাশ সকালে তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
মোহাম্মদপুর রিং রোডে ৭ দশমিক ৮৯ একর জমির ওপর গড়ে উঠেছে জাপান গার্ডেন সিটি। প্রকল্পে মোট ১৮০৩টি ফ্ল্যাট রয়েছে। বর্তমানে সম্পূর্ণ ও হস্তান্তরিত ১১৫০টি ফ্ল্যাটে ৫ হাজারের বেশি বাসিন্দা রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/জিএনএ/১৮০০ ঘ.
bdnews24