২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগুন নেভানোর সরঞ্জাম ছিলো, কাজ করেনি

অগ্নি নির্বাপনের সরঞ্জাম থাকলেও তা কাজ করেনি মোহাম্মদপুরের বহুতল আবাসিক এলাকা জাপান গার্ডেন সিটিতে, যা ভবন কর্তৃপক্ষের উদাসীনতার দিকটিই তুলে ধরেছে। লিটন হায়দার ও প্রবীর কুমার সরকার এর প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2010, 11:17 AM

Updated : 24 Aug 2022, 06:46 PM

লিটন হায়দার ও প্রবীর কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অগ্নি নির্বাপনের সরঞ্জাম থাকলেও তা কাজ করেনি মোহাম্মদপুরের বহুতল আবাসিক এলাকা জাপান গার্ডেন সিটিতে, যা ভবন কর্তৃপক্ষের উদাসীনতার দিকটিই তুলে ধরেছে। বৃহস্পতিবার রাতে জাপান গার্ডেন সিটির ৬ নম্বর ভবনের ১১ তলায় অগ্নিকাণ্ডে নারী ও শিশুসহ সাতজনের মৃত্যু হয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। ভবনের বাসিন্দাদের অভিযোগ, আগুন নেভানোর যে পাইপ (হোসপাইপ) ছিলো, অগ্নিকাণ্ডের সময় তাতে পানি ছিলো না। ফায়ার এসটিংগুইশারগুলোও কাজ করেনি। "৬ নম্বর ভবনে আমার ফ্ল্যাট বরাবর আগুন জ্বলছে দেখে আমরা কয়েকজন হোসপাইপ বের করে সেখানে পানি দেওয়ার চেষ্টা করতে গিয়ে দেখি পাইপে পানি নেই। এরপর আমাদের ফ্লোরে রাখা এসটিংগুইশারগুলো বের করে দেখি সেগুলোও কাজ করছে না। তারপর আমরা আত্মরক্ষার্থে নিচে নেমে আসি", বলেন মোহাম্মদ উল্লাহ। ৬ নম্বর ভবনটির পাশের ২১ নম্বর ভবনের ১১ তলার বাসিন্দা তিনি। মোহাম্মদ উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুন লাগার পর শুরুতেই তা ধরা পড়েছিলো। শুরুতেই সেখানে পানি ছিটানো গেলে সহজেই আগুন নেভানো সম্ভব হতো। বৃহস্পতিবার রাতে ঘটনাস্থলে ছিলেন দমকল বাহিনীর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মো. শহীদুল্লাহ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এখানে ফায়ার ফাইটিং সিস্টেম ছিলো। কিন্তু হোসপাইপে পানি ছিলো না। আমাদের ট্রাকের পানি দিয়েই আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে।" হোসপাইপে পানি না থাকার কারণ তদন্ত করে দেখা হবে বলে জানান দমকল মহাপরিচালক। তবে এ বিষয়ে জাপান গার্ডেন সিটির পরিচালক আসাদুজ্জামান জামিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগুন লাগার পর বিদ্যুত সরবরাহ বন্ধ করে দেওয়ায় ওয়াটার লাইনে পানি দেওয়া সম্ভব হয়নি।" জাপান গার্ডের সিটিতে মোট ২৬টি ভবন রয়েছে। প্রতিটি ভবন ১৫ তলা করে। প্রতি তলায় চারটি করে ফ্ল্যাট রয়েছে। তবে এখনও ৭টি ভবনের কাজ চলছে। বাকি ১৯টি ভবনে লোকজন বসবাস করছে। সে হিসেবে ১১৪০টি ফ্ল্যাটের অন্তত ৫ হাজার বাসিন্দা রয়েছে। বৃহস্পতিবারের অগ্নিকাণ্ড অনিরাপদ বসবাসের বিষয়টি আবার তুলে ধরলো- এ মন্তব্য করে একটি ভবনের বাসিন্দা ব্যবসায়ী আব্দুল করিম বলেন, "আমরা বারবার বলা সত্ত্বেও কর্তৃপক্ষ কোনো অভিযোগ কানে তোলে না।" ৪ নম্বর ভবনের বাসিন্দা ছাত্রী সাবরিনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সপ্তাখানেক আগে নির্মাণাধীন ৩ নম্বর ভবনে ওয়েল্ডিং এর কাজ করার সময় আগুন লেগে যায়। তখন পাশের ভবনগুলো থেকে জানালা দিয়ে পানি ঢেলে আগুন নেভানো হয়। "এখানে কিছু ইকুইপমেন্টস রয়েছে, কিন্তু সেগুলো কোনো কাজে লাগে না", বলেন তিনি। বৃহস্পতিবার রাতে যে ফ্ল্যাটটিতে (১১০১) আগুন লেগেছিল তাতে এক বছর ধরে কেউ থাকেন না বলে জানান পাশের ফ্ল্যাটের (১১০২ নম্বর ফ্লাটের) বাসিন্দা বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেডের মহাব্যবস্থাপক নারায়ণ সরকার। তিনি বলেন, এক বছর থেকে ওই ফ্ল্যাটটিতে কাঠের কাজ চলছে। প্রতিদিন মিস্ত্রিরা এসে কাজ করে চলে যায়। আগুন লেগেছে বুঝতে পেরেই নারায়ণ তার পরিবারকে নিয়ে দ্রুত নিচে নেমে আসেন। আগুন নিয়ন্ত্রণে তাদের উদ্যোগ নেওয়ার মতো কোনো অবস্থা ছিলো না বলে জানান তিনি। একই রকম মন্তব্য ভবনটির অন্যান্য বাসিন্দাদেরও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিকেএস/জিএমএ/এসআইটি/এফএফ/এমআই/১৭০০ ঘ.