রাজশাহী, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবদিকের ওপর হামলাকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি জানানো হয়েছে।
ছাত্রলীগ নেতারা তাৎক্ষণিকভাবে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন।
দায়িত্ব পালনের সময় বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে ছাত্রলীগের হামলায় আট সাংবদিক আহত হন।
দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবদিক সমিতি (রাবিসাস) কার্যালয়ে জরুরি সভায় তারা ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার, বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার, ক্যামেরা ভাংচুরের ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসার ব্যয় বহনের জন্য প্রশাসনের কাছে দাবি করেন।
সভায় সাংবাদিক কুদরাত-ই-খুদা, শহীদুল, ইসমাইল হোসন, মামুন কাইউম, মেহেরুল হাসান, বুখারী আজাদ, আলী আজগড় প্রমুখ বক্তব্য রাখেন।
উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান।
এদিকে ছাত্রলীগের রাবি শাখা সভাপতি আউয়াল কবির ও সম্পাদক মাজেদুল ইসলাম ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে তাৎক্ষণিকভাবে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।
রাজশাহী প্রেসক্লাবে এক জরুরি সভায় হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল আলম ফটিক, সাধারণ সম্পাদক সাইদুর রহমানসহ সকল সদস্যরা এক বিবৃতিতে হামলার নিন্দা জানিয়েছেন।
বিবৃতিতে তারা হামলাকারীদের গ্রেপ্তার, আহত সাংবাদিকদের সুচিকিৎসা ও ক্ষতিপূরণ দাবি করেন।
মেট্রোপলিটন প্রেসক্লাবও অনুরূপ দাবি জানায়।
ক্যাম্পাসের ছাত্রফ্রন্ট, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডসহ একাধিক সংগঠন হামলার নিন্দা জানিয়ে বিচার দাবি করে।
সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শিবির কর্মী সোহেল ও জিল্লুরকে মারধর করছিলো ১০-১২ জন ছাত্রলীগ কর্মী। এই ঘটনার ছবি তুলতে গেলে তারা দৈনিক প্রথম আলো পত্রিকার ফটো সাংবাদিক আজহার উদ্দিনকেও মারধর করে।
আজহারকে বাঁচাতে এগিয়ে এলে অন্য সাংবাদিকরাও ছাত্রলীগের হামলার শিকার হয় বলে জানান রাবি সাংবাদিক সমিতির সভাপতি ইসমাইল হোসেন।
এরা হলেন- চ্যানেল আইয়ের চিত্রগ্রাহক মঈন হোসেন, নিউ এজ'র সৌমিত্র মজুমদার, জনকণ্ঠের শহিদুল ইসলাম, যুগান্তরের সায়েম সাবু, ডেইলি স্টারের মো. জাহিদ, দি এডিটর'র আতিকুর রহমান তমাল ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম'র ইসমাইল হোসেন।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুস্তাক আহমেদও এই ঘটনায় আহত হন।
এদের মধ্যে আজহার উদ্দিন ও মঈন হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/ডিডি/০১১৫ ঘ.
bdnews24