২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে নিজেদের দাবি জানালো বিএনপি

৬৪ দিন পর বৃহস্পতিবার সংসদে ফিরে নিজের দাবিগুলো তুলে ধরেছে প্রধান বিরোধী দল বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2010, 10:29 AM

Updated : 24 Aug 2022, 06:45 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৬৪ দিন পর বৃহস্পতিবার সংসদে ফিরে নিজের দাবিগুলো তুলে ধরেছে প্রধান বিরোধী দল বিএনপি। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার নেতৃত্বে বেলা সোয়া ৩টায় বিএনপির সংসদ সদস্যরা সংসদে ঢোকেন। স্পিকার আবদুল হামিদ বিরোধী দলকে সংসদে স্বাগত জানিয়ে বলেন, "আমি আশা করি, বিরোধী দলের অংশ গ্রহণে সংসদ আরো প্রাণবন্ত হবে।" বিএনপির সঙ্গে তার জোটসঙ্গী জামায়াতে ইসলামী ও বাংলাদেশের জাতীয় পার্টির (বিজেপি) সংসদ সদস্যরাও অধিবেশনে যোগ দেন। আবদুল হামিদের সভাপতিত্বে বেলা ৩টায় সংসদ অধিবেশন শুরু হয়। দিনের কার্যসূচির প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন এবং জনগুরুত্ব সম্পন্ন মনোযোগ আকর্ষণী নোটিশুলোর কার্যক্রম স্থগিত করেন স্পিকার। অধিবেশনের শুরুতেই বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক সংসদের সাসনের সারিতে আসন পুনর্বিন্যাসসহ তাদের বিভিন্ন দাবির কথা তুলে ধরেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে ইতিপূর্বে সরকারি দলের সংসদ সদস্যদের দেওয়া কিছু বক্তব্য এক্সপাঞ্জেরও দাবি তোলেন তিনি। ফারুক কথা বলার সময় সরকারি দলের সংসদ সদস্যরা সরবে তার বক্তব্যের প্রতিবাদ জানালে তিনি বলেন, "স্পিকার, আপনার আহ্বানে আমরা সংসদে এসেছি। এখন কথা বলতে না দিলে কতদিন থাকতে পারবো, জানি না। আমরা সংসদকে কার্যকর রাখতে চাই। এ জন্য বিরোধী দলকে কথা বলার সুযোগ দিতে হবে।" ওই সময় স্পিকার সরকারি দলের সদস্যদের উদ্দেশে বলেন, "অনেক দিন পর উনারা (বিরোধী দল) এসেছেন, বলতে দিন।" ফারুক স্পিকারের বাম পাশে সামনের সারিতে বিরোধী দলের জন্য আরো আসন দাবি করেন। জিয়াউর রহমানের লাশ নিয়ে সরকারি দলের সংসদ সদস্যদের দেওয়া বক্তব্যের বিরোধিতা করে ফারুক বলেন, "সংসদে জিয়াউর রহমানের বিরুদ্ধে সংসদে যে কথা উঠেছে, তা এক্সপ্রাঞ্জ করতে হবে।" তখন স্পিকার বলেন, "কেউ কোনো অসাংবিধানিক কথা বললে তা অটোমেটিক এক্সপাঞ্জ হবে। কিন্তু কোনো ঘটনা বিকৃত না করে কেউ যদি ফ্যাক্ট নিয়ে কথা বলে তবে তা তো এক্সপাঞ্জ করা যাবে না।" সম্প্িরত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের কয়েকজন সংসদ সদস্য জিয়াউর রহমানের কবরে তার লাশ রয়েছে কিনা, তা নিয়ে সন্দেহ প্রকাশ করে সংসদে বক্তব্য দেন। বিরোধীদলীয় প্রধান হুইপ আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য, টিপাইমুখ বাঁধ, সীমান্তে বিডিআর সদস্য নিহত হওয়া, শিক্ষাঙ্গনে সন্ত্রাস, কারাগারে-পুলিশি হেফাজতে মৃত্যুর বিষয়গুলো নিয়ে আলোচনার সুযোগ চান। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে দাবি করে এর পক্ষে কিছু নজির তুলে ধরেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর ওপর হামলার বিষয়টিও তুলে ধরেন ফারুক। তিনি বলেন, "জাসাস নেতা মিন্টুকে পুলিশ নির্যাতন চালিয়ে হত্যা করেছে।" ফারুক বলেন, "আওয়ামী লীগ জাতীয় নেতাদের বিরুদ্ধে দেওয়া মামলাগুলো প্রত্যাহার করার সুপারিশ করছে। কিন্তু বিএনপির চেয়ারপারসনের বিরুদ্ধে দেওয়া মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়না।" কারচুপির মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে বলেও দাবি করেন তিনি। স্পিকার বিরোধী দল ও সরকারি দলকে পরমতসহিষ্ণুতা বজায় রাখার আহবান জানিয়ে বলেন, "একদিনেই সব কথা বলা সম্ভব নয়। সবাইকে কথা বলার সুযোগ দেওয়া হবে। গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার সুযোগ আমি দেবো।" সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সংসদে উপস্থিত রয়েছেন। বিরোধী দলের প্রথম সারিতে খালেদা জিয়ার পরের আসনে পর্যায়ক্রমে মওদুদ আহমেদ, মুহাম্মদ জমিরউদ্দিন সরকার, সালাহউদ্দিন কাদের চৌধুরী ও এম কে আনোয়ার বসেছেন। মওদুদ ও জমিরউদ্দিন উপনির্বাচনে বিজয়ী হওয়ার পর বৃহস্পতিবারই প্রথম সংসদে গেলেন। বিএনপি গত বছরের ৭ এপ্রিল সংসদ অধিবেশনে গিয়ে ওয়াকআউট করে। এরপর তারা আর সংসদে ফেরেনি। সংসদের সামনের সারিতে আসন নিয়ে অসন্তোষ থেকে বিএনপির সংসদ বর্জন শুরু হয়। পরবর্তীতে খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসে শহীদ মইনুল সড়কের বাসার লিজ বাতিল আদেশ প্রত্যাহার, তার নিরাপত্তা বৃদ্ধি, মামলা প্রত্যাহারসহ ১০ দফা দাবি জানায় তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেআরসি/এমএইচসি/আরএ/এমআই/১৬২০ ঘ.