২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলিস্তান-মাওয়া উড়ালপথের চিন্তা

রাজধানী ও এর আশপাশের যানজট নিরসনে গুলিস্তান জিরো পয়েন্ট থেকে মুন্সীগঞ্জের মাওয়া পর্যন্ত ফ্লাই ওভার নির্মাণ করা হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2010, 01:05 PM

Updated : 24 Aug 2022, 06:42 PM

ঢাকা, ফেব্রুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানী ও এর আশপাশের যানজট নিরসনে গুলিস্তান জিরো পয়েন্ট থেকে মুন্সীগঞ্জের মাওয়া পর্যন্ত ফ্লাই ওভার নির্মাণ করা হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান। মঙ্গলবার সংসদ ভবনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। প্রতিমন্ত্রী মান্নান বলেন, "আমরা রাজধানীকে যানজটমুক্ত করতে (গুলিস্তান) জিরো পয়েন্ট থেকে মাওয়া পর্যন্ত একটি ফ্লাইওভার অথবা এলিভেটেট এক্সপ্রেসওয়ে নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি।" প্রতিমন্ত্রী জানান, উড়ালসেতুটি নির্মাণের উদ্দেশ্য ঢাকার দক্ষিণে প্রস্তাবিত ঝিলমিল প্রকল্পে যারা বসবাস করবেন তাদের যোগাযোগের সুবিধা করে দেওয়া। এছাড়া উড়ালসেতুটি খুলনা এবং মংলা বন্দরের সঙ্গে রাজধানীর যোগাযোগ ব্যবস্থা আরো সহজ করবে। রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে সংযোগকারী ঢাকা-মাওয়া মহাসড়কে মাঝেমধ্যেই ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। জিরো পয়েন্ট থেকে মাওয়ার দূরত্ব ৩৮ কিলোমিটার হলেও এ পথ পাড়ি দিতে কখনো কখনো কয়েক ঘণ্টাও সময় লাগে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এজে/জিএনএ/এমআই/২০০৬ ঘ.