রংপুর, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং নির্বাচন সংশ্লিষ্ট ১০ লাখ ভোটার ভোট দিতে পারেননি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেছেন, আগামীতে যেন এ ধরনের ব্যক্তিরাও ভোট দিতে পারেন সে ব্যবস্থা করা হচ্ছে।
মঙ্গলবার রংপুরে এক কর্মশালায় তিনি আরো জানান, আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে পুলিশই নিরাপত্তার মূল দায়িত্ব পালন করবে। সেনাবাহিনী থাকবে না, বিডিআর সদস্যরা থাকলেও তা হবে কম সংখ্যক।
সিইসি বলেন, "নবম জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট প্রায় ১০ লাখ মানুষ ভোট দিতে পারেনি। এটা মানবাধিকার লঙ্ঘন। এ কারণে সবার ভোটাধিকার নিশ্চিত করার পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।"
ভোট দেওয়ার ব্যবস্থাপনায় কিছুটা ত্র"টির কারণে এ সমস্যা হয়েছিলো বলে জানান তিনি।
রংপুরে আরডিআরএস মিলনায়তনে 'নির্বাচনী ব্যবস্থাপনা উন্নয়ন' শীর্ষক ওই কর্মশালায় তিনি সংখ্যালঘু ও নারীদের ভোটাধিকার নিশ্চিত করার ওপরও জোর দেন।
শামসুল হুদা বলেন, ভোটাররা এখন সচেতন। কালো টাকার মালিকরা যতই টাকা ছিটাক, ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকেই ভোট দেন।
নির্বাচন গ্রহণযোগ্য করতে হলে সব দলের অংশগ্রহণ প্রয়োজন বলে মনে করেন তিনি।
সিইসি বলেন, "১৯৯৫ সালের (১৫ ফেব্র"য়ারির) নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেয়নি। তাই সে নির্বাচন টেকেনি। এবার বিএনপি নির্বাচন করতে না চাইলেও তাদেরকে আশ্বস্ত করে নির্বাচনে অংশগ্রহণ করাতে সক্ষম হয়েছি।"
কেন্দ্রগুলোতে ভোট দেওয়ার নিরাপদ পরিবেশ রাখতে বর্তমান কমিশন আন্তরিক বলে জানান তিনি।
এ প্রসঙ্গ ধরে সিইসি জানান, ১৯৯১ সালের আগে কোনো নির্বাচনে তিনি ভোট দিতে যাননি।
তিনি বলেন, "আমি নিজেই ১৯৯১ সালের নির্বাচনের আগে কোনো নির্বাচনেই ভোট দিতে যাইনি। আমার ধানমণ্ডি এলাকার ভোট কেন্দ্রগুলোতে ভোর থেকেই বোমাবাজির শব্দ পেতাম।"
রংপুরের জেলা প্রশাসক বিএম এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব রফিকুল ইসলাম, প্রকল্প ব্যবস্থাপক আব্দুল আলীম, রংপুর অঞ্চলের উপ নির্বাচন কমিশনার সুভাষ চন্দ্র সরকার ও পুলিশ সুপার সালেহ মো. তানভীর।
কর্মশালায় রংপুর অঞ্চলে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট শতাধিক কর্মকর্তা অংশ নেন ।
এর আগে সিইসি রংপুরে নির্বাচন কমিশনের সার্ভার স্টেশনের জায়গা পরিদর্শন করেন। তিনি সাংবাদিকদের জানান, দ্রুততম সময়ের মধ্যে এর নির্মাণ কাজ শুরু করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৩৩০ ঘ.
bdnews24