ঢাকা, ফেব্রুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১১ জন অতিরিক্ত সচিব এবং চারজন যুগ্ম-সচিব পর্যায়ের কর্মকর্তার পদে রদবদল হয়েছে।
এর মধ্যে চারজন অতিরিক্ত সচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।
সংস্থাপন মন্ত্রণালয় সোমবার পৃথক আদেশে এসব রদবদল করে।
অতিরিক্ত সচিবদের মধ্যে ওএসডি আরাস্তু খানকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) এবং ওএসডি কামরুন নাহার বেগমকে পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
জাতীয় জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ শফিকুল আজমকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) এবং খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমদ হোসেন খানকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।
ওএসডি করা হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান এহছানুল হক, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সচিব আসলাম ইকবাল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক হুমায়ুন কবির ও দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর মহাপরিচালক ফরহাদ উদ্দিন আহমদকে।
তবে বিআরটিএর চেয়ারম্যান ও পিএসসির সচিব পদে নতুন কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক পদে ওএসডি অতিরিক্ত সচিব মনোয়ারুল ইসলাম এবং দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর মহাপরিচালক পদে ওএসডি অতিরিক্ত সচিব আহসান জাকিরকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
জাতীয় জাদুঘরের নতুন মহাপরিচালক হয়েছেন ওএসডি অতিরিক্ত সচিব প্রকাশ চন্দ্র দাস।
যুগ্ম-সচিবদের মধ্যে অর্থ মন্ত্রণালয়ের অধীন অর্থ বিভাগের অমলেন্দু মুখার্জী ও সহিদ উল্লাহ মিয়াকে একই মন্ত্রণালয়ের অধীনে নতুন সৃষ্ট ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে একই পদে বদলি করা হয়েছে।
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব খন্দকার আতিয়ার রহমানকে খাদ্য বিভাগে এবং আব্দুল ওয়াজেদকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের যুগ্ম-সচিব হিসেবে বদলি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/এএল/২১৩৫ ঘ.
bdnews24