বগুড়া, ফেব্রুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হত্যা মামলায় একজনকে ফাঁসির আদেশ দিয়েছে বগুড়ার একটি আদালত।
এছাড়া ১৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার বগুড়ার অতিরিক্ত দায়রা জজ কাজী শাহীনা নিগার এ রায় দেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডের আসামি হলেন- জয়নাল মিয়া। তিনি জেলার সোনাতলা উপজেলার পাঠানপাড়া গ্রামের নয়া মিয়ার ছেলে।
যাবজ্জীবন দণ্ডিতরা হলেন- একই এলাকার রফিকুল ইসলাম, বাবলু মিয়া, টুকু মিয়া, হান্নান, বুলু আকন্দ, বাবু মণ্ডল, নাছির, সাত্তার, তসলিম, হারুন, লুৎফর বকস, নিজাম ও টুনু।
মামলার বাকি আট আসামিকে আদালত বেকসুর খালাস দিয়েছে।
মামলার নথি থেকে জানা যায়- পাঠানপাড়া গ্রামের আফজাল হোসেন ওরফে ভরতের সঙ্গে আসামিদের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। ১৯৯৩ সালের ১৪ নভেম্বর সকালে আসামিরা ওই বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে যান।
ভরত তাদের বাধা দিতে গেলে আসামিরা ধারালো অস্ত্র নিয়ে তাকে ধাওয়া করে। তিনি দৌড়ে মামলার বাদি একই এলাকার শাহ আলম মোল্লার বাড়িতে আশ্রয় নেন।
এ সময় আসামিরা তাকে মারতে গেলে শাহ আলম মোল্লা ও তার ভাই খোকা মোল্লা বাধা দেয়। আসামিদের হামলায় মারা যান খোকা।
ওই দিনই শাহ আলম বাদি হয়ে সোনাতলা থানায় একটি হত্যা মামলা করেন।
১৯৯৪ সালে ২৯ জানুয়ারি সোনাতলা থানার এসআই মোস্তফা কামাল ২২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হায়দার আলী রায়ে সন্তোষ প্রকাশ করেন সাংবাদিকদের কাছে।
অপরদিকে যাবজ্জীবনের আসামি লুৎফরের বাবা চান্দ বকস বলেন, তারা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪১ ঘ.
bdnews24